স্মার্টফোন খুলবে আঙুলের ছাপে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা ধরনের প্রযুক্তিসুবিধার স্মার্টফোন বর্তমানে বেশ জনপ্রিয় এবং ব্যবহারের হারও বাড়ছে। স্মার্টফোনে আরও নিরাপত্তা দিতে এবার চালু হচ্ছে নতুন প্রযুক্তি। এর ফলে স্মার্টফোনে থাকা সেন্সরের মাধ্যমে আঙুলের ছাপ যাচাই করা হবে। এরপরই খুলবে ফোনটি। এর ফলে নির্দিষ্ট ব্যবহারকারী ছাড়া অন্য কারও কাছে স্মার্টফোনটি শুধু খেলনা হিসেবেই থাকবে! সম্প্রতি ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি এ রকম ‘লাইট-ট্রান্সমিসিভ ডিসপ্লে’ তৈরি করেছে এবং এর পেটেন্টের জন্য ট্রেডমার্ক অফিসে আবেদনও জানিয়েছে।নতুন এ প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনের নিরাপত্তা বেড়ে যাবে অনেকগুণ। স্মার্টফোনের পর্দায় শুরুতে থাকবে সেন্সর, যেখানে ব্যবহারকারীর আঙুল শণাক্ত (স্ক্যান) করার ব্যবস্থা থাকবে। যেখানে আঙুল রাখলেই স্মার্টফোন ব্যবহারকারীকে চিনতে পারবে এবং তালা খুলবে! তবে কবে নাগাদ সনির এ সুবিধা চালু হবে তা জানা যায়নি। এর আগে এমন আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) নিরাপত্তা পদ্ধতির স্মার্টফোন বাজারে এনেছিল মটোরোলা। অ্যাট্রিক্স মডেলের মটোরোলার স্মার্টফোনগুলোর পেছনের দিকে ছিল বিশেষ স্ক্যানার ব্যবস্থা, যাতে আঙুলের স্পর্শ লাগলেই তালা খোলা যেত। তবে সনির স্মার্টফোনগুলোতে থাকছে কিছু পরিবর্তন। সামনের পর্দায় স্ক্যানের ব্যবস্থা থাকছে, যেখানে আঙুল রাখলে সহজেই নির্দিষ্ট ব্যবহারকারীকে শনাক্ত করা সম্ভব। এর ফলে ফোনে আলাদা চার অক্ষরের পিনকোড ব্যবহারের প্রয়োজন হবে না। এখন অপেক্ষা এ প্রযুক্তির, যা স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বেশ উপযোগী। —বিবিসি অবলম্বনে কাজী আশফাক আলম