স্মার্টফোন তৈরি করবে লেনোভো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো এবার স্মার্টফোন তৈরির উদ্যোগ নিচ্ছে। চীনের এ প্রতিষ্ঠানটি ‘লেনোভো’ স্মার্টফোন তৈরির পরিকল্পনা করছে বলে জানা গেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পারসোনাল কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত লেনোভো স্মার্টফোন তৈরির জন্য এনইসি নামের অন্য একটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছে বলেও সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

বর্তমানে স্মার্টফোনের বাজারে শীর্ষে থাকা অ্যাপলের আইফোন কিংবা স্যামসাংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই লেনোভোর এমন উদ্যোগ বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে লেনোভোর একজন মুখপাত্র জানান, স্মার্টফোন তৈরির বিষয়ে লেনোভো ভাবছে। তবে সেটি এককভাবে নাকি যৌথ অংশীদারির ভিত্তিতে, সে ব্যাপারে কিছু জানায়নি লেনোভো কর্তৃপক্ষ। স্মার্টফোন তৈরির বিষয়ে এনইসি কর্তৃপক্ষও কিছু জানায়নি। তবে এনইসির বর্তমান ব্যবসা ভালো যাচ্ছে না। আর তাই লেনোভোর সঙ্গে যৌথভাবে স্মার্টফোন তৈরি করে নতুনভাবে কিছু করতে চাইছে প্রতিষ্ঠানটি। লেনোভোর এমন উদ্যোগকে বিভিন্নভাবে উল্লেখযোগ্য এবং সফল ধারণা বলে মনে করা হচ্ছে। গবেষণা প্রতিষ্ঠান আইডিসির গবেষক টেক জুং ওং জানান, স্মার্টফোনের নতুন এ উদ্যোগের ফলে লেনোভো সারা বিশ্বে নিজেদের সেবা ছড়িয়ে দিতে চাইছে। ব্যবসা প্রসারের ক্ষেত্রে যেটি বেশ কার্যকর হবে। তবে ঠিক এ সময়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্মার্টফোনের বাজারে লেনোভোর নতুন স্মার্টফোন কতটা সাড়া জাগাতে পারবে, সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেক বাজার গবেষক।

—কম্পিউটার ওয়ার্ল্ড ও পিসি ওয়ার্ল্ড অবলম্বনে কাজীআলম