
খালি চোখে সূক্ষ্ম ছবিসহ অনেক ক্ষুদ্র বস্তুই দেখা যায় না। বিস্ময়ের ব্যাপার হলো, এবার আইফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে ক্ষুদ্র (মাইক্রো) একটি লেন্স লাগিয়ে সহজেই তা মাইক্রোস্কোপের মতো ব্যবহার করা যাবে। ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী থমাস লারসন সম্প্রতি এমন একটি লেন্স উদ্ভাবন করেছেন। মাইক্রোফোন-লেন্স একটি নরম লেন্স। এটি ক্যামেরার ওপর লাগালে তা মাইক্রোস্কোপের মতোই সূক্ষ্ম যেকোনো বস্তুর ছবি তুলতে পারবে। ব্যবহারকারীরা ১৫ এক্স ম্যাগনিফিকেশন হাই ফোকাস লেন্স দিয়ে বড় করে ছবি তুলতে সক্ষম হবে। এই প্রযুক্তি বা সুবিধার জন্য স্মার্টফোনে কমপক্ষে ৫ মেগাপিক্সেল ক্যামেরা থাকা প্রয়োজন। প্রকল্পটির জন্য কিকস্টার্টার ক্যাম্পেইনের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়েছে। উদ্ভাবক থমাস লারসন জানিয়েছেন, ‘প্রচারণার মাধ্যমে পাঁচ হাজার ডলার সংগ্রহ করার লক্ষ্যমাত্রা থাকলেও ২০ গুণ অর্থ সংগ্রহ হয়েছে। আর এ প্রকল্পে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল তা অর্জন করতে সময় লেগেছে মাত্র এক দিন। প্রকল্পটিতে যাঁরা ১৫ ডলার কিংবা তার বেশি অর্থ অনুদান দিয়েছেন, তাঁরা একটি করে মাইক্রোফোন লেন্স পাবেন। আর এ লেন্সটি বহন করার জন্য দেওয়া হবে প্লাস্টিকের খাপ।’ লারসন আরও জানিয়েছেন, ভবিষ্যতে তার ১৫০ এক্স ক্ষমতাসম্পন্ন লেন্স তৈরি করারও পরিকল্পনা রয়েছে। এতে অনেক বেশি সূক্ষ্ম বস্তুও সুনির্দিষ্টভাবে মাইক্রোস্কোপের মতো ধরা পড়বে। শুধু তাই নয়, এটি অনেক সস্তায় পাওয়া যাবে, যা উন্নয়নশীল বিশ্বে সহজেই ব্যবহার করা যাবে।
ম্যাশেবল অবলম্বনে প্রদীপ সাহা