স্মার্টফোন বিক্রিতে অ্যাপলের দ্বিগুণ স্যামসাং
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে শীর্ষ অবস্থানটি ধরে রেখেছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিকস। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি বছরের সর্বশেষ তিন মাসের স্মার্টফোন বিক্রির হিসেবে অ্যাপলকে অনেক পেছনে ফেলেছে স্যামসাং। বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল থেকে জুন মাস) হিসেবে অ্যাপলের দ্বিগুণ স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং।বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি এনালাইটিকসের তথ্য অনুসারে, দ্বিতীয় প্রান্তিকে ৫ কোটি ৫ লাখ স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং; যা সারাবিশ্বের স্মার্টফোন বিক্রির বাজারের ৩৪.৬ শতাংশ। বাজারে ১৭.৮ শতাংশ দখল নিয়ে অ্যাপলের অবস্থান- দ্বিতীয়। প্রথম প্রান্তিকে বাজারে অ্যাপলের শেয়ার ছিল ২৬ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে ২ কোটি ৬০ লাখ স্মার্টফোন বিক্রি করেছে অ্যাপল। অ্যাপলের নতুন স্মার্টফোন আসতে দেরি হওয়ায় আইফোনের বিক্রি কমে গেছে বলেই প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন। তবে বিষয়টি নিয়ে মোটেও চিন্তিত নন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। স্মার্টফোনের বাজারে ৭ শতাংশ শেয়ার নিয়ে ফিনল্যান্ডের মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়ার অবস্থান তিনে। জুন মাস পর্যন্ত ১ কোটি ২০ লাখ স্মার্টফোন বিক্রি করেছে নকিয়া।