স্মার্টফোন @ ৫০০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সেলফি’ তরুণদের কাছে এখন জনপ্রিয়, কম দামের মোবাইল ফোনেও থাকে সেলফি তোলার সুবিধা। মডেল: সুনাইরা, ছবি: কবির হোসেন
‘সেলফি’ তরুণদের কাছে এখন জনপ্রিয়, কম দামের মোবাইল ফোনেও থাকে সেলফি তোলার সুবিধা। মডেল: সুনাইরা, ছবি: কবির হোসেন

আঙুলের ছোঁয়াতেই হয়ে যায় সব কাজ। ইন্টারনেট, ক্যামেরা সবই আছে। নানা কাজের জন্য আবার নানা অ্যাপ্লিকেশন (অ্যাপ)। এই হলো স্মর্টফোন। তথ্যপ্রযুক্তিপণ্যের সুবিধা হলো, যত দিন গড়ায়, প্রযুক্তি তত এগোয় আর পণ্যের দামও কমতে থাকে। দেশের বাজারে এখন পাঁচ হাজার টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে বেশ কিছু স্মার্টফোন। কাজে স্মার্ট, দামে কম—আর কী চাই! এসব স্মার্টফোন মূলত ছাত্রছাত্রী, তরুণেরা কিনছেন—বাজার ঘুরে এমনটাই জানা গেছে।
ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে স্মার্টফোন কিনতে যাত্রবাড়ী থেকে এসেছিলেন দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী ছাদিকা নাহার ও তামান্না আকতার। দুজনেই জানালেন, ‘আসলে বসুন্ধরা সিটিতে ঘুরতে আসা আর অল্প টাকার মধ্যে স্মার্টফোন খুঁজে বের করা। বাজেট চার থেকে পাচ হাজার টাকা। এর মধ্যে যদি একটু ভালো কিছু পেয়ে যাই, তাহলে কিনে ফেলব। ইন্টারনেট, ই-মেইল করার সুবিধা আর সংবাদ পড়ার জন্য স্মার্টফোনটি কিনতে চাই। আর তুলতে চাই সেলফি।’
প্রায় প্রতি মাসেই বিভিন্ন প্রতিষ্ঠান নতুন নতুন সুবিধাসহ স্বল্প দামে বাজারে আনছে স্মার্টফোন। ক্রেতারাও ঝুঁকছেন এসব ফোনের দিকে। রাজধানীর ইস্টার্ন প্লাজায় আসা তরুণ ক্রেতা জাকারিয়া বলেন, ‘সল্প দামে স্মার্টফোনে নিজের সব কাজ ঠিকমতো করতে পারাটাই আসল কথা। রাস্তায় থাকলেও ফেসবুক, টুইটার বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারা যায় বন্ধুদের সঙ্গে। ঠিক এমন ফোন কিনতে এসেছি এখানে। বাজেট খুবই কম।’
বাজারে কোন ফোন কম দামে কত স্মার্ট, সেটা বুঝে নিতে ক্রেতারা চোখ বোলাচ্ছেন স্মার্টফোনের নানা বৈশিষ্ট্যের দিকে। ইস্টার্ন প্লাজার সায়েম টেলিকমের স্বত্বাধিকারী মো. কামাল হোসেন বলেন, ‘স্বল্প দামের স্মার্টফোন ক্রেতারা হাতে নিয়েই ক্যামেরাটা আগে দেখে নেন। এখন সেলফি তোলার জন্য পেছন দিকের ক্যামেরা ছাড়া সামনের (ফ্রন্ট) ক্যামেরায় বেশি মেগাপিক্সেল চাইছেন ক্রেতারা। নামী ব্র্যান্ডের স্মার্টফোন ছাড়াও চীনে তৈরি কম দামি ননব্র্যান্ডের স্মার্টফোনও আছে এ দেশের বাজারে। কম টাকায় অনেক ভালো স্মার্টফোনও পাওয়া যাচ্ছে বাজারে।’
রাজধানীর বসুন্ধরা সিটির নিক্কন টেলিকমের স্বত্বাধিকারী নাজমুল হাসান বলেন, ‘কম দামের স্মার্টফোনের দিকেই বেশির ভাগ ক্রেতার আগ্রহ। স্বল্প বাজেটের ক্রেতারা সাধারণত ফোনের কারিগরি দিক ও ফিচার বা সুবিধা দেখে তার পরই সিদ্ধান্ত নেন কোন ফোনটি কিনবেন। অনেকে ইন্টারনেট ঘেঁটে স্মার্টফোনের মডেল ও বৈশিষ্ট্য দেখে কিনতে আসেন। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা ৪ থেকে ৫ হাজার টাকার মধ্যে স্মার্টফোন বেশি কিনে থাকেন। ফোন কেনার ক্ষেত্রে ক্রেতারা আসলে দেখতে চান ফোনটির প্রসেসরের গতি কত, র্যাম কতটা বেশি আর ক্যামেরা কতটা ভালো। এর পাশাপাশি আজকাল অনেকে দেখছেন ফোনটিতে ভিডিও দেখার মানটা কেমন। কারণ, স্মার্টফোনে ছবি তোলা, ভিডিও করা আর ভিডিও দেখার জনপ্রিয়তা বেশি।’

.
.

৫ হাজার টাকার মধ্যেই
নানা ধরনের স্মার্টফোন আছে বাজারে। রাজধানীর বসুন্ধরা সিটি, ইস্টার্ন প্লাজা, ইস্টার্ন মল্লিকা, স্টেডিয়াম মার্কেট, যমুনা ফিউচার পার্কসহ বিভিন্ন মুঠোফোনের বাজারে পাওয়া কিছু ফোনের খোঁজ দেওয়া হলো—
সিম্ফনি: এফ-১৫ গোফক্স ৪,৬০০ টাকা; ডব্লিউ-২১ ৪,৪৫০ টাকা; ডব্লিউ-২২ ৪,২০০ টাকা; ডব্লিউ-৩১ ৪,৯৯০ টাকা; ডব্লিউ-১৭ ৪,৩৫০ টাকা; ডব্লিউ-১৮ ৪,৫০০ টাকা; ডব্লিউ-১৬ ৪,৫০০ টাকা।
ওয়ালটন: প্রিমো সি-২ ৩,৪৯০ টাকা; প্রিমো সি-৩ ৩,৬৯০; প্রিমো ডি-৩ ৩,৭৯০ টাকা, প্রিমো ডি-২ ৩,৩৯০ টাকা, প্রিমো ডি-৪ ৩,৯৯০ টাকা; প্রিমো সি-১ ৪,৩৯০ টাকা; প্রিমো ই-১ ৪,৯৯০ টাকা।
ম্যাক্সিমাস: ম্যাক্স-১২ ৪,৫০০ টাকা; ম্যাক্স-১৪ ৩,৯৯৯ টাকা; ম্যাক্স-১৫ ৪,৫০০ টাকা। অ্যালকাটেল: ম্যাজিক ৫,০০০ টাকা।
ভিটেক: ১০৩ ৪,০০০ টাকা।
জি-ফাইভ: জি১০ মিনি ৪,৯৯৯ টাকা।
মাইক্রোম্যাক্স: এ৫৯ ৪,২০০ টাকা; এ৩৭বি ৪,৫০০ টাকা।
এবং ফায়ারফক্স
বাজারে ফায়ারফক্স অপারেটিং সিস্টেমের স্মার্টফোন সিম্ফনির এফ-১৫ গোফক্স স্মার্টফোন পাওয়া যাচ্ছে ৪,৬০০ টাকায়। এটাই একমাত্র ফোন, যেটিতে বাংলা কি-বোর্ড সরাসরি যুক্ত রয়েছে। গ্রামীণফোনের প্যাকেজের সঙ্গে এটা বাজারে ছাড়া হয়েছিল।
যা যা সুবিধা থাকে
সাধারণত কম দামের স্মার্টফোনগুলোতে প্রসেসরের গতি থাকে ১ গিগাহার্টজ বা এর চেয়ে বেশি। আরও থাকে ৩.৫ ইঞ্চির পর্দা, র্যাম ৫১২ মেগাবাইট, রম ১ গিগাবাইট।
ফ্রন্ট ক্যামেরা থাকে। পেছনের ক্যামেরা ২ থেকে শুরু করে ৩.২ মেগাপিক্সেল পর্যন্ত পাওয়া যায়। অপারেটিং সিস্টেম হিসেবে বেশির ভাগ ফোনেই থাকে অ্যান্ড্রয়েড। এর ৪.২.২ জেলিবিন সংস্করণই বেশি দেখা যায়।
সব ফোনে না থাকলেও এই ফোনগুলোর মধ্যে কিছু স্মার্টফোনে থাকে থ্রিজি ভিডিও কল করার সুবিধা। সাবলীলভাবে ও দ্রতগতিতে অ্যাপ ব্যবহারের সুবিধা। প্রতিটি ফোনেই এক বছরের ওয়ারেন্টি থাকে।