স্মার্টফোনে আসছে শ্রুতি বিজ্ঞাপন!
বিজ্ঞাপন বাড়ছে স্মার্টফোনে আর একই সঙ্গে বদলাচ্ছে বিজ্ঞাপনের ধরনও। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নুয়ান্স মোবাইল নামের একটি প্রতিষ্ঠান স্মার্টফোনে গ্রাহকদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে বিজ্ঞাপন শোনানোর নতুন পদ্ধতি উদ্ভাবন করেছে। এ পদ্ধতিতে বিজ্ঞাপনদাতারা শ্রুতি বিজ্ঞাপন দিতে পারবেন।গবেষকেরা জানিয়েছেন, স্মার্টফোনের জন্য নতুন এ বিজ্ঞাপন পদ্ধতিতে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনপিএল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পিসি ওয়ার্ল্ডের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এনপিএল প্রযুক্তিটি বিভিন্ন অ্যাপ্লিকেশনে ব্যবহূত হয় যাতে স্মার্টফোন ব্যবহারকারী কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে অ্যাপ্লিকেশনের কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে তার উত্তর পাওয়া যায়। আইফোনের সিরি অ্যাপ্লিকেশনটি এরকমেরই একটি অ্যাপ্লিকেশন।নুয়ান্সের গবেষকেরা জানিয়েছেন, নতুন বিজ্ঞাপন পদ্ধতিতে স্মার্টফোন ব্যবহারকারীকে প্রশ্ন করা হবে এবং তাঁর উত্তর অনুযায়ী বিজ্ঞাপন পরিবেশিত হবে।বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, মোবাইল ফোনে বিজ্ঞাপনের বাজার দ্রুত বাড়ছে। বর্তমানে শুধু মোবাইল ফোনের বিবেচনাতেই ৮ হাজার কোটি মার্কিন ডলারের বিজ্ঞাপনের বাজার রয়েছে।