স্মার্টফোনে পাখি বান্ধব অ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসন নির্মাণকাজে সংরক্ষিত অঞ্চলে পাখিদের ওপর নেতিবাচক প্রভাব পরিমাপের জন্য স্মার্টফোনের একটি অ্যাপ তৈরি করেছেন যুক্তরাজ্যের হাল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তাঁদের আশা, এটি ব্যবহার করে পাখির স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত সৃষ্টিকারী সমস্যাগুলো দূর করা সম্ভব হবে। অ্যাপটি তৈরিতে বিভিন্ন পরিবেশ সংগঠনের তথ্য-উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এস্টুয়ারিন অ্যান্ড কোস্টাল স্টাডিজ ইনস্টিটিউটের গবেষক নিক কাটস বলেন, শব্দদূষণে পাখিদের ওপর কী কী ক্ষতিকর প্রভাব পড়ে, সে ব্যাপারে খুব কম তথ্য পাওয়া যায়। নতুন অ্যাপটি জিপিএস পদ্ধতিতে কোনো স্থানের অবস্থান শনাক্ত করে সেখানকার পাখিদের ব্যাপারে তথ্য সংগ্রহ করে। এটি ব্যবহারের মাধ্যমে নির্মাণ-সংশ্লিষ্ট ব্যক্তিরা পাখিদের সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারবেন। বিবিসি।