স্মার্টফোনে ফটোশপের কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার স্মার্টফোনেই করা যাবে ছবি সম্পাদনার জনপ্রিয় সফটওয়্যার ফটোশপের কাজ। স্মার্টফোনে ব্যবহারের উপযোগী ফটোশপের সংস্করণ চালু করেছে অ্যাডোবি সিস্টেমস ইনকরপোরেটেড। ‘ফটোশপ টাচ’ নামের এ সংস্করণটি ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোনে। এ ছাড়া এটি চলবে আইওএস-চালিত আইফোনে, আইপড টাচেও। এর আগে ট্যাবলেটের জন্য ফটোশপের বিশেষ সংস্করণ এনেছিল অ্যাডোবি।অ্যাডোবির ভাইস প্রেসিডেন্ট (প্রোডাক্ট, ক্রিয়েটিভ মিডিয়া সলিউশন) উইনস্টোন হ্যান্ড্রিকসন বলেন, ‘বর্তমানে স্মার্টফোন ছবি তোলা ও সম্পাদনার জন্য ব্যবহারকারীদের প্রাথমিক জায়গা হিসেবে কাজ করছে। তাই স্মার্টফোনেই ছবি সম্পাদনার বিশেষ সুবিধা দিতে ফটোশপের এই সংস্করণ চালু করা হয়েছে।’ স্মার্টফোনের অ্যাপ্লিকেশন (অ্যাপ) আকারেই নামানো যাবে (ডাউনলোড) ফটোশপ টাচ। এর আকারও অনেক ছোট। অ্যাপটিতে ট্যাবলেট ও ডেস্কটপ সংস্করণের ফটোশপের মতো থাকছে ফিল্টার, লেয়ার, অ্যাডজাস্টমেন্টস, সিলেকশন টুলসহ নানা ধরনের প্রয়োজনীয় বৈশিষ্ট্য। আরেকটি জনপ্রিয় সুবিধা যোগ হয়েছে এ সফটওয়্যারে। সেটি হচ্ছে, এ অ্যাপ ক্লাউড প্রযুক্তি সমর্থন করবে। শুরুর দিকে অ্যান্ড্রয়েড, আইওএস চালিত স্মার্টফোনের জন্য চালু হলেও উইন্ডোজ-চালিত স্মার্টফোনের জন্য কবে চালু হবে, সেটি জানা যায়নি। বিস্তারিত www.adobe.com/photoshoptouch। —হেরাল্ড অনলাইন ডট কম অবলম্বনে কাজী আলম