ব্যবহারকারীদের মুখের কথায় মুঠোফোনে বিভিন্ন সুবিধা চালু বা বন্ধ করে ভার্চ্যুয়াল সহকারী ‘গুগল অ্যাসিস্ট্যান্ট’ ও ‘সিরি’। অ্যান্ড্রয়েড বা আইওএস অপারেটিং সিস্টেমে চলা সব মুঠোফোনে ভার্চ্যুয়াল সহকারী থাকলেও আমরা সেগুলো ঠিকমতো ব্যবহার করতে পারি না। ভার্চ্যুয়াল সহকারীর সাহায্যে মুঠোফোনের যেসব কাজ সহজে করা যায়, সেগুলো জেনে নেওয়া যাক।
অন্ধকারে ফ্ল্যাশলাইট জ্বালাতে
রাতে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে আমরা পকেট থেকে মুঠোফোন বের করে সেটিংস মেন্যুতে প্রবেশ করে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে থাকি। কিন্তু এতে বেশ সময় ব্যয় হয়। কিন্তু মুঠোফোনে ভার্চ্যুয়াল সহকারী সেবা চালু থাকলে মুখে Hey Siri/Google, Turn on the flashlight বললেই স্বয়ংক্রিয়ভাবে ফ্ল্যাশলাইট জ্বলে উঠবে।
ক্যালেন্ডার সিডিউল
ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের কাজে নির্দিষ্ট দিনে কারও সঙ্গে দেখা করতে হলে অনেকই মুঠোফোনের ক্যালেন্ডার অ্যাপ খুলে দিনক্ষণ লিখে রাখেন। কিন্তু ভার্চ্যুয়াল সহকারী কাজে লাগিয়ে সহজেই মুঠোফোনে ক্যালেন্ডার সিডিউল যোগ করা যায়। অর্থাৎ আপনি যদি কারও সঙ্গে মিটিংয়ের দিনক্ষণ সংরক্ষণ করতে চান, তবে শুধু উচ্চারণ করতে হবে Hey Siri/Google, set up a meeting with Rakib tomorrow at 2 p.m। জন্মদিনের দাওয়াতের সময় লিখে রাখতে চাইলে বলতে হবে Hey Siri/Google, add an event called Birthday Dinner on Sunday at 4 p. m।
টাইমার ব্যবহার
আমরা অনেকেই নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার জন্য মুঠোফোনে টাইমার সুবিধা ব্যবহার করি। মুঠোফোনে টাইমার–সুবিধা চালুর বদলে মুখে Set a timer for 10 minutes বললেই সিরি বা গুগল অ্যাসিস্ট্যান্ট টাইমারের সময় ঠিক করে দেবে। ফলে নির্দিষ্ট সময় পর আপনাকে সতর্ক করতে বেজে উঠবে টাইমারটি।
মুঠোফোনের রিংটোনের শব্দ বন্ধ
জরুরি মিটিং বা কাজের সময় আমরা অনেকেই মুঠোফোনের রিংটোনের শব্দ বন্ধ বা একেবারে কমিয়ে রাখি। মুঠোফোনের সেটিংস অপশন থেকে রিং টনের শব্দ নিয়ন্ত্রণ করতে হওয়ায় বেশ সময় প্রয়োজন হয়। তবে ভার্চ্যুয়াল সহকারী সেবা চালু করে Hey Siri/Google, silence my phone বললেই মুঠোফোনের রিংটোনের শব্দ বন্ধ বা একেবারে কমে যাবে।