স্মার্টফোনের অদ্ভুত ৪ ব্যবহার
মুঠোফোনের কাজ এখন আর শুধু কল করা আর খুদে বার্তা পাঠানোর মধ্যে সীমাবদ্ধ নেই। অ্যাপলের অ্যাপ স্টোর এবং গুগলের প্লে-স্টোরে কয়েক লাখ অ্যাপ আছে যা দিয়ে নানা রকম কাজ করা সম্ভব। অ্যাপের মজার অনেক ব্যবহার আছে, অদ্ভুত সব কাজও করা যায় কিছু কিছু অ্যাপ দিয়ে। এমনই কিছু কাজের কথা শোনা যাক।

হৃৎস্পন্দন মাপুন
ইনস্ট্যান্ট হার্ট রেট নামের অ্যাপ থাকলে মুঠোফোন হয়ে যাবে হৃৎস্পন্দন মাপার যন্ত্র। এটি মূলত ফোনের ক্যামেরা এবং ফ্ল্যাশ ব্যবহার করে আঙুলের রং পরিবর্তনের ওপর ভিত্তি করে হৃৎস্পন্দন পরিমাপ করে। শুধু তা-ই নয়, সংগৃহীত তথ্য দিয়ে একটি তালিকা তৈরি করবে যেটা আপনাকে আপনার হৃৎস্পন্দনের হার নিরীক্ষণ করতে সাহায্য করবে। ঘুমানোর আগে কিংবা পরে, অনুশীলন কিংবা অবসরের সময়ে হৃৎস্পন্দন ভিন্ন হতে পারে তা-ও লিপিবদ্ধ করার সুযোগ আছে এই অ্যাপ। এ জন্য স্মার্টফোনের ক্যামেরার ওপর তর্জনী রেখে অ্যাপ সচল করতে হবে।
অ্যান্ড্রয়েড: https://goo.gl/i5MDPM
অ্যাপল: https://goo.gl/4l1kFZ

ধাতব পদার্থের খোঁজে
স্মার্টফোন দিয়ে করা যায় এমন অপ্রত্যাশিত কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ধাতব পদার্থ শনাক্ত করা। আর এ জন্য মেটাল ডিটেকটর অ্যাপ নামাতে হবে। স্মার্টফোনের বিল্ট-ইন ম্যাগনেটোমিটারের সাহায্যে ধাতব পদার্থ শনাক্ত করতে পারে এই অ্যাপ। সব ধাতব শনাক্ত করতে না পারলেও মেটাল ডিটেক্টরের কার্যক্ষমতা মোটেই ছোট করে দেখা উচিত হবে না। ফোনের ক্যামেরা ধাতব পদার্থের দিকে তাক করে অ্যাপে নির্দেশ দিন। চুম্বকীয় যেকোনো ধাতব শনাক্ত করতে পারে এটি।
অ্যান্ড্রয়েড: https://goo.gl/nIEkA7
অ্যাপল: https://goo.gl/Y0QAmk
ঘরে বসে গাড়ির নিয়ন্ত্রণ

গাড়ির কাছে না পৌঁছেই যদি চালু করা যায় গাড়ি তবে কেমন হয়? ভাইপার স্টার্টস্মার্ট অ্যাপ ঠিক এই কাজটাই করে। অ্যাপটির প্রিমিয়াম সংস্করণ গতি সম্পর্কে সতর্ক করতে এবং ব্যাটারির চার্জ ফুরিয়ে গেলে তা জানিয়ে দিতে পারে। অ্যাপটি আইফোন এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বিনা মূল্যে নামিয়ে ব্যবহার ও পরীক্ষা করতে পারবেন। তবে এর জন্য প্রয়োজনীয় অতিরিক্ত হার্ডওয়্যার এবং ব্যবস্থাটি সচল রাখতে প্রতি মাসে ডলার গুনতে হবে।
অ্যান্ড্রয়েড: https://goo.gl/PCj6mX
অ্যাপল: https://goo.gl/UfXg0r
উচ্চতা এবং দূরত্ব মাপুন
কোনো কিছুর উচ্চতা এবং দূরত্ব অনুমান করতে পারে ইজতেমার অ্যাপ। তবে কাজ শুরু করার আগে কিছুটা অনুশীলনের দরকার আছে। ভালো ফলাফলের জন্য লেন্সের উচ্চতা ঠিক করে দিতে হবে। অ্যাপের টিউটোরিয়াল অনুযায়ী, আসল উচ্চতা থেকে লেন্সটি চার ইঞ্চি উঁচু হবে। ইজিমেজার ব্যবহারের জন্য দাঁড়িয়ে মুঠোফোনটি আপনার চোখ বরাবর ধরতে হবে। এরপর আপনি যেটা পরিমাপ করতে চান, সেদিকে তাক করুন। ক্যামেরার কোণ এবং আপনার অবস্থান ব্যবহার করে এই অ্যাপ জিনিসটার দূরত্ব পরিমাপ করতে পারবে।
অ্যান্ড্রয়েড: https://goo.gl/QQN35t
অ্যাপল: https://goo.gl/V1J0AU
অনামিকা মন্ডল, সূত্র: ফক্স নিউজ