স্মার্টফোনের জন্য ইনটেলের উপহার
এবারে স্মার্টফোনের জন্য নতুন চিপ তৈরি করেছে কম্পিউটারের চিপ বা যন্ত্রাংশ নির্মাতা হিসেবে পরিচিত ইনটেল। ইনটেল কর্তৃপক্ষের দাবি, ‘ক্লোভার ট্রেইল প্লাস’ নামের মোবাইল ফোনের এ প্রসেসরে কম্পিউটিং পারফরমেন্স হবে দুর্দান্ত। খবর রয়টার্সের।এর আগে ‘মেডফিল্ড’ নামে স্মার্টফোনের জন্য প্রসেসর তৈরি করেছিল ইনটেল। স্মার্টফোন নির্মাতা লাভার ‘জলো’ স্মার্টফোনে ব্যবহূত হয় ইনটেলের তৈরি মেডফিল্ড চিপ। বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, স্মার্টফোন প্রসেসরের বাজারে অ্যাপল, স্যামসাং, কোয়ালকমের সঙ্গে প্রতিযোগিতা করতে নতুন প্রসেসর বাজারে আনছে ইনটেল। বার্সেলোনায় ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস উপলক্ষে মোবাইল ফোনের জন্য নতুন প্রসেসরের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।ইনটেলের নতুন স্মার্টফোন প্রসেসর ক্লোভার ট্রেইল প্লাস নির্ভর প্রথম স্মার্টফোন বাজারে আনবে চীনের ইলেকট্রনিক পণ্য নির্মাতা লেনোভো।