স্মার্টফোনের জন্য ক্রিকেট গেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেট ক্যারিয়ার: বিগ ইনিংস
ক্রিকেট ক্যারিয়ার: বিগ ইনিংস

ক্রিকেট যেন বাংলাদেশের মানুষের রক্তে মিশে গেছে। মাঠে সাকিব-তামিম-মুশফিক, মাঠের বাইরে কোটি কোটি ক্রিকেটপাগল মানুষ। সেখান থেকে এবার হাতের মুঠোয়, স্মার্টফোনের অ্যাপ্লিকেশনে। ঢাকার পেঁচাস গেম স্টুডিওস তৈরি করেছে ‘ক্রিকেট ক্যারিয়ার: বিগ ইনিংস’ নামের সম্পূর্ণ ত্রিমাত্রিক অ্যান্ড্রয়েড গেম। আইওএস এবং উইন্ডোজ ফোন ব্যবহারকারীরাও বঞ্চিত হবেন না, কয়েক সপ্তাহের মধ্যেই অ্যাপলের অ্যাপ স্টোর এবং উইন্ডোজ স্টোরে গেমটি পৌঁছে যাবে বলে জানালেন পেঁচাস গেম স্টুডিওসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইয়াজ এম রহমান। গেমটি এখন গুগল প্লেস্টোরে পাওয়া যাচ্ছে। ১৫ ফেব্রুয়ারি প্রকাশ করার হবে এর পরবর্তী আরেকটি সংস্করণ।
মাইয়াজ গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘ক্রিকেট নিয়ে এর আগে অনেক গেম তৈরি হয়েছে। তবে এটি প্রথম আরপিজি ক্রিকেট গেম। গেমারকে ব্যাটসম্যান, বোলার বা অলরাউন্ডার, যেকোনো একটি চরিত্র নিয়ে খেলা শুরু করতে হবে। অভিজ্ঞতা অর্জনের সঙ্গে সঙ্গে গেমটি এমনভাবে এগিয়ে যাবে যেন মনে হবে নিজেই মাঠে খেলছি।’
আরপিজি বা রোল প্লেয়িং গেমে ব্যবহারকারীকে গেমের একটি চরিত্র হিসেবে খেলতে হয়। এই গেমটিতে ব্যাটসম্যান, বোলার বা অলরাউন্ডারের চরিত্র বেছে নেওয়া যাবে খেলার জন্য। এরপর একের পর এক ম্যাচ খেলে অভিজ্ঞতা অর্জন করে নিজেকে তৈরি করে নিতে হবে দক্ষ খেলুড়ে হিসেবে।
চমৎকার অ্যানিমেশন, ত্রিমাত্রিক ছবি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সব মিলিয়ে ব্যবহারকারী যেন নিজেকে গেমের একটি চরিত্র মনে করেন তার সব রকম ব্যবস্থা করা হয়েছে। আপনি কেমন খেলবেন, তার ওপর ভিত্তি করে খেলার মধ্যে পুরস্কারের ব্যবস্থাও আছে। মোটকথা পেশাদার ক্রিকেটারের ভূমিকায় খেলা শুরু করে নিজের ক্রিকেট ক্যারিয়ার এগিয়ে নিয়ে যেতে হবে সাফল্যের শিখরে।
অ্যান্ড্রয়েডভিত্তিক স্মার্টফোনে গেমটি খেলতে হলে আপনার অপারেটিং সিস্টেমটি কমপক্ষে ৪.০ বা আইসক্রিম স্যান্ডউইচ হতে হবে। এ ছাড়া থাকতে হবে কমপক্ষে ১ গিগাবাইট র‍্যাম ও ১ গিগাহার্জ প্রসেসর। গুগল প্লে স্টোরে ‘Cricket RPG’ লিখে খুঁজলে গেমটি পাওয়া যাবে। এ ছাড়া ওয়েবসাইটে গেমটি পাওয়ার ঠিকানা:  http://bit.ly/Cricket3D 
পেঁচাস গেম স্টুডিওস এর আগে গ্রিড পাজল নামে একটি অ্যান্ড্রয়েড ও আইওএস গেম বের করে। মূলত বুদ্ধি খাটিয়ে খেলতে হয় এমন গেম তৈরি করে যেতে চান তাঁরা। —মেহেদী হাসান