স্মার্টফোনের জন্য ফেসবুকের ‘হোম’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক যোগাযোগের ক্ষেত্রে স্মার্টফোন ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দিতে ‘হোম’ নামে নতুন একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে ফেসবুক। সবার আগে ‘এইচটিসি ফার্স্ট’ নামের একটি স্মার্টফোনে যুক্ত হবে ‘হোম’।
ফেসবুক হোম
৪ এপ্রিল অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের জন্য ‘হোম’ নামের সফটওয়্যার উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে ফেসবুক। ফেসবুকের প্রধান নির্বাহী জাকারবার্গ জানিয়েছেন, ‘হোম’ হচ্ছে অ্যাপ্লিকেশনের পরিবারের মতো। সফটওয়্যারটি অ্যাপ্লিকেশনের মোড়ক হিসেবে ফেসবুকের ফিডগুলোকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের স্ক্রিনে প্রদর্শন করতে থাকবে।হোম ইনস্টল করা থাকলে যখনই লক খুলে ফোন চালু করা হবে, অ্যান্ড্রয়েডের হোম স্ক্রিনটিতে ‘কভার ফিড’ নামের একটি স্ক্রিন দেখাবে। এ স্ক্রিনে ফেসবুকের নানা ফিড দেখতে পারবেন এবং এ স্ক্রিন থেকেই ফেসবুক ব্যবহার করতে পারবেন। এ স্ক্রিনটিতে ‘চ্যাট হেডস’ নামের বিশেষ একটি ফিচার থাকবে, যার মাধ্যমে চ্যাট করতে পারবেন অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন ব্যবহারকারীরা।‘হোম’ সফটওয়্যারটি অ্যান্ড্রয়েডের ডিফল্ট সেটিংস পরিবর্তন করে ফেলে। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিমাসে অন্তত একবার ‘হোম’-এর আপডেট আনবে তারা এবং নতুন ফিচার যুক্ত করবে।
হোম কোথায় ও কখন পাওয়া যাবে?
১২ এপ্রিল থেকে গুগলের অ্যাপ স্টোর ‘গুগল প্লে’ থেকে পরীক্ষামূলক বা স্থায়ীভাবে ‘হোম’ সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে। গ্যালাক্সি এস থ্রি, নোট টু ও এইচটিসি ওয়ান সিরিজে এ সফটওয়্যার ব্যবহার করা যাবে। শিগগিরই ট্যাবলেটের জন্যও এ সফটওয়্যারটির নতুন সংস্করণ তৈরি করবে ফেসবুক।
‘হোম’ সুবিধা
অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনে কভার ফিড, চ্যাট করার সুবিধা, নোটিফিকেশন দেখা যাবে। ফলে, আলাদা করে আর অ্যাপ্লিকেশন চালু করার প্রয়োজন পড়বে না। টাচস্ক্রিনের সাহায্যেই সহজে লাইক দেওয়া বা নিউজ ফিড মুছে দেওয়া যাবে। আইফোনের জন্য ‘হোম’ সুবিধাটি চালু করা হবে কি না, সে বিষয়ে স্পষ্টত কিছু বলেননি ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। তবে বিশ্লেষকেরা আশা করছেন, শিগগিরই আইফোনের জন্যও ‘হোম’ সদৃশ কোনো সফটওয়্যার আনতে পারে ফেসবুক।
ফেসবুক ফোন!
প্রযুক্তি বিশ্লেষকেরা ‘ফেসবুক ফোন’ নিয়ে যে ধারণা করেছিলেন, সে ধারণা ভুল প্রমাণ করেছে ফেসবুক। তবে সরাসরি হার্ডওয়্যার ব্যবসায় না গিয়ে স্মার্টফোনের সঙ্গে সম্পর্ক আরও গভীরতর করতে কাজ করছে ফেসবুক। ফেসবুকের ‘হোম’ সুবিধাযুক্ত প্রথম স্মার্টফোন আনছে এইচটিসি। এইচটিসি ফার্স্ট নামের এ স্মার্টফোনটির দাম পড়বে ৪৯৯ মার্কিন ডলার। ১.৪ গিগাহার্টজ প্রসেসরের অ্যান্ড্রয়েড জেলিবিননির্ভর এইচটিসি ফার্স্টের স্ক্রিনের মাপ ৪.৩ ইঞ্চি।