স্মার্টফোনের জন্য মাইক্রোসফটের ‘উইন্ডোজ ফোন ৮’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উইন্ডোজ ফোন ৮’ নামে স্মার্টফোনের নতুন অপারেটিং সিস্টেমের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। চলতি বছরের শেষদিকে এই অপারেটিং সিস্টেমটি উন্মুক্ত করা হবে। অপারেটিং সিস্টেমটির কোড নাম ‘অ্যাপোলো’। কম্পিউটারের জন্য তৈরি উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের সঙ্গে উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমের কোডের প্রচুর মিল রয়েছে। ফলে ডেভেলপারদের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করা সহজ হবে। গত ২০ জুন সানফ্রান্সিসকোতে এই অপারেটিং সিস্টেমের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ‘উইন্ডোজ ফোন সামিট’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করেছিল মাইক্রোসফট। এক খবরে বিবিসি জানিয়েছে, এ অনুষ্ঠানে নতুন অপারেটিং সিস্টেমের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমটি মাল্টি কোরের প্রসেসর ও নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) সমর্থন করবে। এ প্রসঙ্গে মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ফোন ৮ নির্ভর স্মার্টফোন তৈরি করবে নকিয়া, স্যামসাং, এইচটিসি ও হুয়াউয়ের মতো প্রতিষ্ঠানগুলো। তবে বর্তমানে বাজারে থাকা উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোনগুলো উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেম সমর্থন করবে না।