স্মার্টফোনের জন্য সার্চ ইঞ্জিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোনের জন্য এবার বিশেষ সার্চ ইঞ্জিন-ব্যবস্থা চালু হচ্ছে। কলট্রাঙ্ক (www.calltrunk. com) নামের বিশেষ এ সেবার মাধ্যমে স্মার্টফোনের বলা সব ধরনের কথার রেকর্ড খুঁজে পাওয়া যাবে সহজেই। এ ক্ষেত্রে যিনি এ সুবিধা ব্যবহার করবেন, শুধু তিনিই এ রেকর্ড-সুবিধা দেখতে পারবেন। এর ফলে সব ধরনের কথা ইন্টারনেটের মাধ্যমে সংরক্ষণ করা যাবে, যা পরবর্তী সময়ে ব্যবহারকারী চাইলেই শুনতে পাবেন। এ সুবিধা শুধু স্মার্টফোনেই নয়, ল্যান্ডফোন এবং স্কাইপিতে ভিডিও কলের কথাবার্তাও কলট্রাঙ্কের মধ্যে সংরক্ষণ করা যাবে।এ তথ্য পাওয়ার জন্য অনলাইনে ব্যবহারকারীর একটি অ্যাকাউন্ট থাকবে, যার সাহায্যে কথাবার্তার সংরক্ষিত তথ্যগুলো পাওয়া যাবে। তবে মজার সুবিধা হচ্ছে, এতে সংরক্ষিত রেকর্ডগুলো সহজে সার্চ ইঞ্জিনে কিছু খুঁজে পাওয়ার মতোই পাওয়া যাবে, যা অনেকটা পুরোনো ই-মেইল খোঁজার মতো।এর অ্যাগ্রোসার্চ সুবিধার মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তির নাম, যে কথা বলা হয় তার মধ্যে একটি শব্দ, ফোন নম্বর, তারিখ ইত্যাদির মাধ্যমে খোঁজার সুবিধাও পাবেন ব্যবহারকারীরা।কলট্রাঙ্কের প্রতিষ্ঠাতা পল মারফে বলেন, ‘কলট্রাঙ্কে নতুন অ্যাগ্রোসার্চ-সুবিধা যুক্ত হওয়ার ফলে এটি পূর্ণতা পেয়েছে। এর ফলে আমরা নিশ্চিত যে গুরুত্বপূর্ণ কথা বলার সময় কিংবা কোনো কিছু বাদ পড়ে গেলেও পরে তা খুব দ্রুত খুঁজে পাওয়া সম্ভব।’ কম খরচেই ব্যবহারকারীরা এ সুবিধাটি ব্যবহার করতে পারবেন এবং স্মার্টফোনের সার্চ ইঞ্জিন-সুবিধার নতুন বৈশিষ্ট্য যুক্ত হওয়ায় ব্যবহারকারীরা আরও বেশি সেবা পাবেন বলে মনে করছে প্রতিষ্ঠানটি। —দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আশফাক আলম