স্মার্টফোনের জন্যই বড় হচ্ছে পকেট!
স্মার্টফোনের আকার বাড়ায় বাধ্য হয়ে বাড়ছে পকেটের মাপও। প্যান্টের পকেটের গড় যে মাপ, বাজারে এখন তার চেয়েও বড় মাপের স্মার্টফোন রয়েছে। যুক্তরাষ্ট্রের পোশাক ব্র্যান্ড ডকার্সের নকশা বিভাগের কর্মকর্তা ডাউগ কঙ্কলিন জানিয়েছেন, দৈর্ঘ্য আর প্রস্থে দৈত্যাকার হয়ে উঠছে স্মার্টফোন। আর তার সঙ্গে তাল মেলাতে প্যান্টের পকেটেও পরিবর্তন আসছে। এক খবরে এ তথ্য জানিয়েছে পিসি ম্যাগ।কঙ্কলিন জানিয়েছেন, ২০১০ সালে বাজারে আসা স্যামসাং গ্যালাক্সি এস স্মার্টফোনটির প্রস্থ ছিল ২.৫৩ ইঞ্চি আর উচ্চতা ৪.৮২ ইঞ্চি। সম্প্রতি বাজারে আসা গ্যালাক্সির নতুন সংস্করণটির মাপ ২.৮৩ ইঞ্চি বাই ৫.৫ ইঞ্চি। নতুন সংস্করণের এ স্মার্টফোনগুলো প্যান্টের পকেটের গড় মাপের সঙ্গে মানানসই নয়।কঙ্কলিনের মতে, প্যান্টের পকেটের গড় গভীরতা ১৩ ইঞ্চি পর্যন্ত হতে পারে। তাই স্মার্টফোনের মাপ বড় হওয়ার সঙ্গে সঙ্গে প্যান্ট নকশাকারীদের পকেটের আকারও বড় করতে হচ্ছে।বর্তমানে বাজারে বড় মাপের স্মার্টফোনগুলো হচ্ছে—৬.৩ ইঞ্চি মাপের গ্যালাক্সি মেগা, হুয়াউয়ের তৈরি অ্যাসেন্ড মেট ৬.৪৪ ইঞ্চি, গ্যালাক্সি এস ফোর ৫.৩৮ ইঞ্চি, এইচটিসি ফার্স্ট ৪.৯৬ ইঞ্চি ও আইফোন ৪.৮৭ ইঞ্চি। প্রযুক্তি বিশ্লেষকেরা স্মার্টফোনের চেয়ে আকারে বড় স্মার্টফোনগুলোকে ‘ফ্যাবলেট’ বলেন। পিসি ম্যাগ ডটকমের মোবাইল প্রযুক্তি বিশ্লেষক সাশা সেগান জানিয়েছেন, স্মার্টফোনগুলো ক্রমাগত বড় হওয়ার কারণ হচ্ছে, ব্যবহারকারীরা এখন ইন্টারনেট ব্যবহার ও টাচ প্রযুক্তির অ্যাপ্লিকেশন ব্যবহারে উন্নত অভিজ্ঞতা পেতে চান। বড় মাপের স্ক্রিন হলে এ সুবিধা পাওয়া সহজ হয়। ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন নির্মাতারা ‘ফ্যাবলেটে’ ঝুঁকছেন।