স্মার্টফোনের দ্বিতীয় জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড
স্মার্টফোনের জন্য গুগলের তৈরি জনপ্রিয় মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তা বেড়েই চলছে। বর্তমানে স্মার্টফোনের অপারেটিং সিস্টেমের (ওএস) দিক দিয়ে অ্যান্ড্রয়েডের অবস্থান দ্বিতীয়। বিশ্বব্যাপী অ্যান্ড্রয়েডের বাজার শেয়ার বর্তমানে শতকরা ২৫ দশমিক ৫ ভাগ, যা এক বছর আগেও ছিল শতকরা ৩ দশমিক ৫ ভাগ। গবেষণাপ্রতিষ্ঠান গার্টনারের মতে, স্মার্টফোনের অপারেটিং সিস্টেমের বাজারে শীর্ষে রয়েছে সিমবিয়ান অপারেটিং সিস্টেম। বিশ্বব্যাপী বর্তমানে যার শেয়ার শতকরা ৩৬ দশমিক ৬ ভাগ। তবে গত বছরের একই সময়ে সিমবিয়ানের বাজার শেয়ার ছিল শতকরা ৪৪ দশমিক ৬ ভাগ। গার্টনারের প্রধান গবেষক রবার্ট কোজা বলেন, স্মার্টফোনের ক্ষেত্রে জনপ্রিয়তা পাওয়ার অন্যতম উপায় হচ্ছে যত বেশি ব্যবহারবান্ধব বৈশিষ্ট্য যুক্ত করা, যার অনেকগুলোই অ্যান্ড্রয়েডে রয়েছে। এ ছাড়া অ্যাপলের মোবাইল ওএসের বাজার শেয়ার শতকরা ১৬ দশমিক ৭ ভাগ এবং রিমের বাজার শেয়ার শতকরা ১৪ দশমিক ৮ ভাগ। তবে এগিয়েছে অ্যান্ড্রয়েডের বাজার শেয়ার। শুধু তা-ই নয়, চলতি বছরের অ্যান্ড্রয়েডচালিত দুই কোটি পাঁচ লাখ মোবাইল ফোনসেট বিক্রি হয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল মাত্র ১৪ লাখ। এর মধ্যে স্যামসাংয়ের নতুন বৈশিষ্ট্যযুক্ত বেশ কিছু মোবাইল ফোন ছাড়াও রয়েছে বিশেষ মূল্যের অ্যান্ড্রয়েডচালিত ফোন। জেডটিই সম্প্রতি যুক্তরাজ্যের বাজারের জন্য বিশেষ মূল্যের অ্যান্ড্রয়েডচালিত ফোন, যার দিয়ে বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের কাছাকাছি পৌঁছানো যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। যুক্তরাষ্ট্রের বিক্রীত প্রায় শতকরা ৭৫-৮০ ভাগ স্মার্টফোনই অ্যান্ড্রয়েডচালিত বলে জানিয়েছে গার্টনার। —দ্য টেলিগ্রাফ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী