স্মার্টফোনের প্রবৃদ্ধি ৩৭৪ শতাংশ বেড়েছে
মোবাইলে নানা রকম সেবা অল্প খরচে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে নীতি ও কাঠামোগত দিকগুলোর দিকে নজর দিতে হবে। ভবিষ্যৎ প্রযুক্তিগুলোর কথা মাথায় রেখে এখন থেকেই চিন্তাভাবনা না করলে তথ্যপ্রযুক্তির পথ থেকে পিছিয়ে পড়তে হবে। কমনওয়েলথ টেলিযোগাযোগ সংস্থার (সিটিও) বার্ষিক ফোরামের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার চারটি কর্ম-অধিবেশনে বিশেষজ্ঞ বক্তারা এসব কথা বলেন।
সিটিওর তিন দিনব্যাপী সম্মেলন ঢাকার র্যাডিসন হোটেলে সোমবার শুরু হয়েছে। দ্বিতীয় দিনের কর্ম-অধিবেশনে ভবিষ্যতের মোবাইল প্রযুক্তি, এম কমার্স বিপ্লব, ক্লাউড কম্পিউটিং, বিগ ডাটা অ্যানালাইসিস নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা।
হালের সবচেয়ে আলোচিত এম কমার্স নিয়ে কর্ম-অধিবেশনে বিভিন্ন দেশের মোবাইল আর্থিক সেবা নিয়ে আলোচনায় বাংলাদেশের এ খাতটির প্রশংসা করা হয়। গত এক বছরে এ খাতের প্রবৃদ্ধি ১৮৬ শতাংশ। এ খাতের বিকাশে নিরাপত্তার বিষয়টি ভাবার পরামর্শ দেন কয়েকজন বিশেষজ্ঞ।
বাংলাদেশের আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির টাকার প্রবাহ পর্যবেক্ষণে রাখা ও গ্রাহকের সুরক্ষার বিষয়টির ওপর গুরুত্ব দেন। নাইজেরিয়ার কমিউনিকেশন্স কমিশনের পরিচালক জোসেফাইন আমুয়া নিজেদের দেশে এ সেবাটির ব্যর্থতার কথা তুলে ধরে বলেন, গ্রাহকেরা যদি নিরাপত্তার বিষয়ে আস্থা না রাখতে পারেন, তাহলে সেটা সফল হবে না।
বাংলাদেশে ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা এ প্রসঙ্গে বলেন, সেবাটির বিকাশে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে ন্যাশনাল পেমেন্ট সুইচ চালু করেছে। ১৯টি ব্যাংক এর সঙ্গে যুক্ত হয়েছে। অন্য ব্যাংকগুলোও শিগগিরই এর সঙ্গে যুক্ত হবে।
আরেকটি অধিবেশনে ফোরজি প্রযুক্তির জন্য দ্রুত বর্ধনশীল বাজারগুলো কতটা প্রস্তুত সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ২০১৩ সালে স্মার্টফোনের প্রবৃদ্ধি ৩৭৪ শতাংশ বেড়েছে উল্লেখ করে বলা হয়, এখেনো বাংলাদেশের বাজার ফোরজি প্রযুক্তির জন্য প্রস্তুত নয়। দেশের মানুষের থ্রিজি অভিজ্ঞতা এখনো সুখকর নয় বলেও মন্তব্য করেন একাধিক বক্তা।
এয়ারটেলের প্রধান কারিগরি কর্মকর্তা সন্দীপন চক্রবর্তী বলেন, এখন দরকার গ্রাহকদের থ্রিজিতে অভ্যস্ত করে ফোরজির জন্য প্রস্তত করা।
সম্মেলনের বিভিন্ন অধিবেশনে বক্তব্য দেন বাংলালিংকের প্রধান নির্বাহী জিয়াদ সাতারা, বাংলাদেশে মাইক্রোসফটের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশীর কবীর, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ, মরিশাসের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি কর্তৃপক্ষের চেয়ারম্যান ভিমালে রেড্ডি, বাংলাদেশের এক্সেস টু ইনফরমেশন প্রকল্পের উপদেষ্টা আনীর চৌধুরী, ইউএনডিপির প্রধান প্রযুক্ত কর্মকর্তা শিরীন হামিদ, নাইজেরিয়ার তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা শোলা টেইলর প্রমুখ।
কাল বুধবার সম্মেলনের শেষ দিনে তথ্যপ্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন, প্রতিবন্ধীদের জন্য প্রযুক্তি, শিক্ষার সঙ্গে প্রযুক্তির সংযোগ, তরুণ ও ঝুঁকিপূর্ণদের প্রযুক্তির নেতিবাচক দিকগুলো থেকে রক্ষার বিষয়ে প্যানেল আলোচনা হবে।