স্মার্টফোনের বাজারে নকিয়া ১০ নম্বরে!
মুঠোফোনের বাজারে জনপ্রিয়তা ধরে রাখতে হিমশিম খাচ্ছে ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতাপ্রতিষ্ঠান নকিয়া। স্মার্টফোনের বাজারে একসময়ের তালিকার শীর্ষে থাকা প্রতিষ্ঠানটি নেমে গেছে তালিকার ১০ নম্বর স্থানে। ২০১২ সালের শেষ প্রান্তিকে স্মার্টফোন বিক্রির তালিকায় নকিয়ার অবস্থান ছিল ৮ নম্বরে। বাজার গবেষণাপ্রতিষ্ঠান গার্টনারের গবেষকেরা জানিয়েছেন, নকিয়ার তৈরি উইন্ডোজনির্ভর লুমিয়া স্মার্টফোনের বিক্রি বাড়লেও স্মার্টফোন বাজারে অবস্থান খুইয়েছে নকিয়া। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।গার্টনারের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের প্রথম প্রান্তিক অর্থাত্ প্রথম তিন মাসে ৫১ লাখ ইউনিট লুমিয়া স্মার্টফোন বিক্রি করেছে নকিয়া। চলতি বছরের প্রথম প্রান্তিকে শুধু লুমিয়া স্মার্টফোন বিক্রি ২৫ শতাংশ বেড়েছে বলেই নকিয়া জানিয়েছে।স্মার্টফোনের বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে স্যামসাং, অ্যাপল, এলজি, হুয়াউয়ে ও জেডটিই।বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, স্মার্টফোনের বাজারে নকিয়ার বেহালদশা হলেও ফিচার ফোনের বাজারে এখনো প্রতিদ্বন্দ্বিতা ধরে রেখেছে নকিয়া।বাজার গবেষকেরা আরও জানিয়েছেন, স্মার্টফোনের বাজারে নকিয়াকে টিকে থাকতে হলে প্রযুক্তিপ্রেমীদের পছন্দসই উন্নত স্মার্টফোন তৈরি করতে হবে অথবা স্মার্টফোনের দাম কমাতে হবে।