স্মার্টব্যান্ড ও স্মার্টফোন আনল শাওমি
দেশের বাজারে পরিধানযোগ্য পণ্য বিভাগে প্রথমবারের মতো ‘মি স্মার্টব্যান্ড ৫’ ও নতুন স্মার্টফোন ‘রেডমি ৯সি’ আনার ঘোষণা দিল চীনা স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। আজ মঙ্গলবার এক অনলাইন আয়োজনের নতুন ডিভাইসের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন এন্ট্রি লেভেলের ‘রেডমি ৯সি’ ফোনটিতে রয়েছে ৬.৫৩ ইঞ্চির বড় আকারের ডট ড্রপ ডিসপ্লে। এর ব্যাটারি সক্ষমতা ৫০০০ এমএএইচ। রেডমি ৯সি স্মার্টফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৫ অক্টাকোর গেমিং চিপসেট, যার গতি ২.৩ গিগাহার্টজ।
রেডমি ৯সি হ্যান্ডসেটে রয়েছে এআই ট্রিপল ক্যামেরা, যার প্রধান ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের, রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের এআই সেলফি ক্যামেরা।
ফোনের পেছনে দেওয়া হয়েছে টেক্সচারড ডিজাইন। এটি যেকোনো ধরনের দাগ থেকে রক্ষা করতে পারে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ফেস আনলক সুবিধাও রয়েছে। ফোনটিতে স্ট্যান্ডবাই ডুয়েল ফোর–জি সমর্থন সুবিধার সঙ্গে রয়েছে মাইক্রোএসডি কার্ড স্লট। রয়েছে ৩.৫ মিমি হেডফোন জ্যাক।
শাওমি কর্তৃপক্ষ জানিয়েছে, পরিধানযোগ্য পণ্যগুলো গ্রাহকদের সঙ্গী হয়ে উঠছে। এ কারণে দেশে নতুন ব্যান্ড আনল শাওমি। মি স্মার্টব্যান্ড ৫–এ রয়েছে ১.১ ইঞ্চির কালার অ্যামোলেড ডিসপ্লে, যা এর আগের ডিসপ্লের থেকে ২০ শতাংশ বড়।
ব্যবহারকারীরা ৬৫–এর অধিক ডায়নামিক ডিসপ্লে থেকে নিজেদের স্টাইল অনুযায়ী ছয়টি রং থেকে পছন্দের রঙের ডিভাইস বাছাই করে নিতে পারবেন। শরীরচর্চার মি স্মার্টব্যান্ড ৫ প্রয়োজনীয় সুবিধা দেবে। এটি পানিরোধী ৫ এটিএম সনদযুক্ত। এতে রয়েছে ১১ ধরনের শরীরচর্চার মোড।
ডিভাইসটিতে রয়েছে পিপিজি হার্টরেট সেন্সর, যা আগের তুলনায় ৫০ শতাংশেরও বেশি সঠিক হিসাব দেবে। হৃৎস্পন্দন ছাড়াও ঘুমের পরিমাণ কিংবা চাপের স্তর সম্পর্কে ধারণা পাওয়া যাবে। ফুল চার্জে ১৪ দিন পর্যন্ত এর পাওয়ার ব্যাকআপ থাকবে।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘প্রতিটি রেডমি ডিভাইসের মাধ্যমে প্রযুক্তিকে সবার কাছে সহজলভ্য করতে তাদের আরও কাছাকাছি যাচ্ছি। বাজেট স্মার্টফোন বিভাগে রেডমি ৯সি আনা হয়েছে। বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি হতে কাজ করছে শাওমি। উন্নত মানের হার্ডওয়্যার এবং প্রতিদিনের জীবনযাপনকে সহজ করে—এমন উদ্ভাবনী পণ্য আনতে জোর দেওয়া হয়েছে। মি স্মার্টব্যান্ড ৫ দিয়ে বাংলাদেশে নতুন একটি বিভাগে পণ্য উন্মোচন করা হলো।’
রেডমি ৯সি কমলা, নীল ও ধূসর রঙে বাজারে পাওয়া যাবে। ২ জিবি র্যামের সংস্করণের দাম হবে ১০ হাজার ৯৯৯ টাকা এবং ৩ জিবি র্যামের সংস্করণের দাম ১২ হাজার ৪৯৯ টাকা।