স্মার্টহোম বানাচ্ছে স্যামসাং

যুগটাই যেন স্মার্টনেসের। স্মার্টফোন, স্মার্টওয়াচ, স্মার্টকারের পর এবার স্বাগতম স্মার্টহোমে। খালি বাসা নজর রাখতে স্যামসাংয়ের স্মার্টহোম ব্যবস্থা বেশ কাজে লাগবে। ক্যামেরাযুক্ত ওভেনটা হয়ে যাবে বাসার পাহারাদার। টিভি বন্ধ করা, বাতি নেভানো অথবা অন্যান্য ইলেকট্রনিকস যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টহোম ব্যবহার করে। এ বছরই স্মার্টহোম নামের নতুন এই প্রযুক্তি বাজারে আনতে যাচ্ছে স্যামসাং।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে গতকাল থেকে শুরু হওয়া প্রযুক্তিপণ্যের প্রদর্শনী কনজুমার ইলেকট্রনিকস শো ২০১৪-এ স্মার্টহোমের পরিকল্পনা প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার এই প্রতিষ্ঠানটি। স্মার্টহোম দিয়ে ব্যবহারকারীরা বিশ্বের যেকোনো জায়গা থেকে তাদের বাসার টিভি, বাতি বা রান্নাঘরের সামগ্রীতে যুক্ত হতে পারবেন। রান্নাঘরে ব্যবহূত এসব নতুন সামগ্রীতে থাকবে লুকানো ছোট ক্যামেরা, যা খালি নজরদারির কাজটা করে দেবে।
নিজের কণ্ঠ দিয়েও নিয়ন্ত্রণ করা যাবে স্যামসাং স্মার্টহোম। ব্যবহারকারী যদি তাঁর স্মার্টফোনে ইনস্টল করা অ্যাপলিকেশনে বা গ্যালাক্সি গিয়ার নামের স্মার্টওয়াচে বলেন ‘গোয়িং আউট’, তাহলে বাসার বাতি এবং আগে থেকে নির্বাচন করা যন্ত্রপাতি বন্ধ হয়ে যাবে। ‘গুডনাইট’ বললে বন্ধ হয়ে যাবে টিভি, ঘুমানোর প্রস্তুতি হিসেবে উজ্জ্বলতা কমতে কমতে একসময় বন্ধ হয়ে যাবে বাতি।
স্যামসাং ইলেকট্রনিকস ইউকে এবং আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট এন্ডি গ্রিফিথ বলেছেন, ‘আজকের বাস্তবতা মেনে ব্যবহারকারীদের বাসাবাড়িকে সংযুক্ত করতে স্যামসাং স্মার্টহোম আনছে।’ ডেডিকেটেড স্মার্টহোম সফটওয়্যার প্রটোকল দিয়ে স্যামসাং তাদের উৎপাদিত প্রযুক্তিপণ্যগুলোকে একত্রে সংযুক্ত করবে। অন্য প্রস্তুতকারকেরা তাদের যন্ত্রপাতিতে এটা ব্যবহার করতে চাইলে স্যামসাং সাহায্য করবে। —পিসিওয়ার্ল্ড অবলম্বনে মঈন চৌধুরী