স্মিড, ল্যারি, ক্যামেরনের মহাকাশ প্রকল্প
‘অবতার’খ্যাত চলচ্চিত্রপরিচালক জেমস ক্যামেরন, গুগলের নির্বাহী সভাপতি এরিক স্মিড, গুগলের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ল্যারি পেজসহ কয়েকজন উদ্যোক্তা সম্প্রতি একটি মহাকাশ গবেষণা ও প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান প্রকল্প শুরুর পরিকল্পনা করেছেন। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মহাকাশ গবেষণায় উদ্যোক্তারা ‘প্লানেটরি রিসোর্সেস’ নামের একটি প্রতিষ্ঠানে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। ২৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা দেবেন তাঁরা।বিভিন্ন গ্রহাণু থেকে মূল্যবান উপাদান সংগ্রহে কাজ করবে প্রতিষ্ঠানটি। গ্রহাণু থেকে মূল্যবান উপাদান সংগ্রহের এই ধারণা কয়েক দশকের পুরোনো হলেও এ বিষয়টি নিয়েই কাজ করবে প্লানেটরি রিসোর্সেস।‘প্লানেটরি রিসোর্সেস’র সঙ্গে এরিক স্মিড, ল্যারি পেজ, জেমস ক্যামেরন ছাড়াও মাইক্রোসফটের সাবেক কর্মকর্তা চার্লস সিমোনি, গুগলের কে রাম শ্রীরাম, নাসার সাবেক কর্মকর্তা এরিক অ্যান্ডারসন ও পিটার ডায়ামানডিসও যুক্ত হয়েছেন।