স্যান্ডেলে ট্রাম্পের টুইট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়া নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য তুলে দেওয়া হয়েছে স্যান্ডেলে। ছবি: ইনস্টাগ্রাম
সিরিয়া নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য তুলে দেওয়া হয়েছে স্যান্ডেলে। ছবি: ইনস্টাগ্রাম

প্রিন্স ফিলিপ একবার বলেছিলেন, ‘পাগলের হাতে বন্দুকের চেয়ে ক্রিকেট ব্যাট বেশি বিপজ্জনক।’ টুইটারের সঙ্গে বন্দুকের কোনো সাযুজ্য নেই, এমনকি ক্রিকেট ব্যাটের সঙ্গেও নয়। কিন্তু ব্যাপারটিকে প্রতীকী অর্থে ধরা যায়। যেমন ধরুন, ডোনাল্ড ট্রাম্পের হাতে টুইটারের চেয়ে বিপজ্জনক আর কী হতে পারে!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট টুইটারে ভুলভাল পোস্ট করে যেমন উপহাসের পাত্র হয়েছেন, তেমনি বিতর্কও ছড়িয়েছেন। নানা রকম বিতর্কিত মন্তব্যে ভরপুর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট। এ নিয়ে মার্কিনিদের ক্ষোভ কম নয়। সিআইএর সাবেক এজেন্ট ভ্যালেরি প্লামি উইলসন তো ট্রাম্পকে টুইটার থেকে তাড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমটিই কিনে নেওয়ার চেষ্টা করছেন! এ জন্য চলছে তহবিল সংগ্রহও।
কিন্তু ‘প্রেসিডেন্ট ফ্লিপ ফ্লপস’-এর প্রতিষ্ঠাতা স্যাম মরিনসন যা করেছেন, সেটা যেন পাল্টে দিয়েছে ফ্যাশনের ভাষা। ফ্যাশন এখন ব্যঙ্গাত্মক প্রতিবাদেরও মাধ্যমও!
টুইটারে নানা রকম বিতর্কিত মন্তব্য করে আসছেন ট্রাম্প। এখন এক মন্তব্য করছেন তো, পরক্ষণেই আরেক মন্তব্যে নিজের অবস্থান পাল্টাচ্ছেন। সিরিয়া ইস্যু এবং ইলেক্টোরাল কলেজ এর প্রকৃষ্ট উদাহরণ। মরিসন করেছেন কী, ট্রাম্পের এমন বিতর্কিত কিছু টুইট জুড়ে দিয়েছেন স্যান্ডেলের ওপর! এ প্রসঙ্গে বিবিসিকে মরিসন বলেছেন, ‘পণ্যটির ভালো দিক হলো এগুলো দেখিয়ে দিচ্ছে প্রেসিডেন্ট একসময় কী বলেছেন, পরে কী বলছেন।’

ইলেক্টোরাল কলেজ নিয়ে স্যান্ডেলে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য। ছবি: ইনস্টাগ্রাম
ইলেক্টোরাল কলেজ নিয়ে স্যান্ডেলে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য। ছবি: ইনস্টাগ্রাম

অভিনব এই স্যান্ডেল আপাতত তিনটি মডেলে পাওয়া যাবে। এর মধ্যে ‘ইলেক্টোরাল কলেজ’ সংস্করণে ডান পায়ের স্যান্ডেলে ট্রাম্পের টুইট, ‘ইলেক্টোরাল কলেজ গণতন্ত্রের জন্য ধ্বংসাত্মক।’ বাঁ পায়ে, ‘ইলেক্টোরাল কলেজ জিনিয়াস...।’
সিরিয়া নিয়ে টুইটারে ট্রাম্পের পরস্পরবিরোধী মন্তব্যও ব্যবহার করা হয়েছে আরেক জোড়া স্যান্ডেলে। ডান পায়ের স্যান্ডেলে ট্রাম্প বলছেন, ‘বোকা নেতৃত্বকে আবারও বলছি, সিরিয়া আক্রমণ কোরো না। এটা করলে অনেক খারাপ কিছু ঘটবে।’ কিন্তু বাঁ পায়ের স্যান্ডেলে অন্য কথা, ‘আমাদের অসাধারণ সেনাবাহিনীকে অভিনন্দন, যুক্তরাষ্ট্র এবং গোটা বিশ্বের প্রতিনিধি হিসেবে দুর্দান্তভাবে সিরিয়া আক্রমণের জন্য।’
আরেক জোড়া স্যান্ডেলে ব্যবহার করা হয়েছে সংবাদমাধ্যমের ‘সোর্স’ নিয়ে টুইটারে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য। ডান পায়ের স্যান্ডেলে ট্রাম্পের টুইট, ‘মনে রাখবেন, ভীষণ অসৎ গণমাধ্যমের “সূত্র বলেছে”—এ ধরনের খবর বিশ্বাস করবেন না। সূত্রের নাম প্রকাশ করতে না পারলে তার কোনো অস্তিত্ব নেই।’ অথচ এই একই ব্যক্তি পরে একই ব্যাপারে পাল্টেছেন নিজের অবস্থান। বাঁ পায়ের স্যান্ডেলে ব্যবহার করা হয়েছে সেই টুইট, ‘ভীষণ নির্ভরযোগ্য সূত্র আমার অফিসে ফোন করে জানিয়েছে বারাক ওবামার জন্মসনদ ভুয়া।’

সংবাদমাধ্যমের ‘সোর্স’ নিয়ে স্যান্ডেলে ট্রাম্পের মন্তব্য। ছবি: ইনস্টাগ্রাম
সংবাদমাধ্যমের ‘সোর্স’ নিয়ে স্যান্ডেলে ট্রাম্পের মন্তব্য। ছবি: ইনস্টাগ্রাম

বিবিসি জানিয়েছে, এই স্যান্ডেল বিক্রির লভ্যাংশের কিছু অংশ যাবে ‘আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নে’র (এসিএলইউ) তহবিলে। ট্রাম্পের কিছু নীতির বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে এ প্রতিষ্ঠান। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে ‘ড্রিমার’ প্রকল্প বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। অথচ অভিবাসীদের নিয়ে এ প্রকল্পে একসময় বেশ নমনীয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু তিনি ‘ড্রিমার’ নিয়ে অবস্থান পাল্টানোর পরই এ ধরনের ব্যঙ্গাত্মক স্যান্ডেল বানানোর চিন্তা করা হয়, জানিয়েছে বিবিসি।
তবে স্যান্ডেলে মার্কিন রাজনীতিবিদের মন্তব্য তুলে দেওয়ার ক্ষেত্রে ট্রাম্প কিন্তু প্রথম ব্যক্তি নন। ২০০৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাবেক ‘সেক্রেটারি অব স্টেট’ জন কেরিও একই প্রহসনের শিকার হয়েছিলেন।
এসিএলইউকে স্যান্ডেল বিক্রির লভ্যাংশ দেওয়া প্রসঙ্গে মরিসনের যুক্তি, ‘আমেরিকানদের বিশ্বাসের বিরুদ্ধে অনেক ইস্যু টেনে এনেছেন ট্রাম্প। আসি এসিএলইউকে সাহায্য করতে চাই, কারণ ওঁরাই এ লড়াইয়ে সেরা।’ মরিসনের প্রতিষ্ঠানের স্লোগানও কিন্তু ট্রাম্পের প্রতি প্রহসনমূলক, ‘ধাপে ধাপে কথার বরখেলাপ।’
সামাজিক মাধ্যমে এই স্যান্ডেল নিয়ে চলছে শোরগোল। সূত্র: বিবিসি।