স্যামসাং আনছে আলট্রা এইচডি টিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫৫ ও ৬৫ ইঞ্চি মাপের আলট্রা এইচডি বা হাই ডেফিনেশন প্রযুক্তির টেলিভিশন বাজারে আনছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। চলতি বছরের জানুয়ারি মাসে লাসভেগাসে অনুষ্ঠিত সিইএস মেলার ৮৫ ইঞ্চি মাপের ৪ কে বা চার হাজার পিক্সল ফরম্যাটের এই আলট্রা হাই ডেফিনেশন টেলিভিশন দেখিয়েছিল প্রতিষ্ঠানটি। এবারে সেই টেলিভিশনেরই দুটি ছোটো আকারের মডেল বাজারে আনার ঘোষণা দিল স্যামসাং।স্যামসাংয়ের ৪ কে প্রযুক্তির এ টেলিভিশনে থাকবে ‘মাইক্রো ডিমিং আলটিমেট’ নামে বিশেষ প্রযুক্তি যা স্ক্রিন ও এলইডি ব্যাকলাইট বিশ্লেষণ করবে এবং রিয়েল টাইমে ভিডিও সংকেত গ্রহণ করবে। এ প্রযুক্তিতে টেলিভিশনে দেখানো ছবির উজ্জ্বলতা সাধারণ এইচডি টেলিভিশনের চেয়ে ২০ শতাংশ বেশি।যদিও এখনও ৪ কে প্রযুক্তির এ টেলিভিশনের দাম সম্পর্কে কোনো তথ্যই জানায়নি স্যামসাং কর্তৃপক্ষ। সাম্প্রতিক এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, হাই ডেফিনেশনের পর আলট্রা হাই ডেফিনেশন বা ৪ কে প্রযুক্তির টিভি তৈরি করছে অনেক প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে সনি, এলজি ও স্যামসাং। তবে গবেষকেরা এখানেই থেমে থাকেননি। জাপানের বেশ কয়েকটি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানের গবেষকেরা ৮কে বা ৮ হাজার পিক্সল ফরম্যাটের টেলিভিশন তৈরিতে কাজ করছেন। টেলিভিশনের এ প্রযুক্তিটিকে বলা হচ্ছে সুপার হাই-ভিশন। ২০১৬ সাল নাগাদ ৮ কে প্রযুক্তির সম্প্রচারে যাওয়ার কথা ভাবছে জাপান।