স্যামসাং আনছে উইন্ডোজ ফোন
দীর্ঘদিন ধরে গুগলের তৈরি মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোন বের করার পর এবার মাইক্রোসফটের সর্বশেষ অপারেটিং সিস্টেম (ওএস) উইন্ডোজ-৮ চালিত স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে স্যামসাং। বিশ্বের অন্যতম শীর্ষ এ প্রযুক্তি প্রতিষ্ঠানই প্রথম উইন্ডোজ-৮ চালিত স্মার্টফোন তৈরির ঘোষণা দিল। সম্প্রতি অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোনগুলোর সঙ্গে অ্যাপলের ডিজাইন-সংক্রান্ত মামলায় যুক্তরাষ্ট্রের একটি আদালতে নিজেদের হারের পরই এমন ঘোষণা এল স্যামসাংয়ের পক্ষ থেকে। গবেষক সিড পারাকের মতে, ‘এটা একটা দারুণ উদ্যোগ স্যামসাংয়ের জন্য। এর ফলে আরেক ফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়ার তুলনায় এগিয়ে যেতে পারবে স্যামসাং।’ বর্তমানে বাজারে উইন্ডোজ-চালিত নকিয়ার ফোনের ব্যবহার বেশি হচ্ছে। নকিয়ার বাইরে বেশ কয়েকটি প্রতিষ্ঠান উইন্ডোজ ওএস দিয়ে স্মার্টফোন তৈরি করলেও তেমন জনপ্রিয়তা পায়নি। এবার স্যামসাংয়ের হাত ধরে উইন্ডোজ ফোন আবার জনপ্রিয়তা ফিরে পেতে পারে বলে আশাবাদী মাইক্রোসফট।২৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বাজারে আসবে কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোনে ব্যবহারের উপযোগী উইন্ডোজ-৮ অপারেটিং সিস্টেম।এ নিয়ে বেশ আশাবাদী মাইক্রোসফট। উইন্ডোজ-৮ চালিত স্যামসাংয়ের এটিআইভিএস ফোনটিতে থাকবে গরিলা কাচের ৪.৮ ইঞ্চি পর্দা, ৮ মেগাপিক্সেলের ক্যামেরা, সামনের দিকে ১.৯ মেগাপিক্সেলের ক্যামেরা-সুবিধা। চলতি বছরের নভেম্বরের মধ্যেই নতুন এ স্মার্টফোনটি পাওয়া যাবে বলে জানা গেছে। এখন দেখার অপেক্ষা উইন্ডোজ এবং স্যামসাংয়ের এ সমীকরণ কেমন জনপ্রিয় হয়। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আশফাক আলম