স্যামসাং আনছে ৮৫ ইঞ্চি আলট্রা এইচডি টিভি
৮৫ ইঞ্চি মাপের আলট্রা হাই ডেফিনেশন টেলিভিশন বাজারে আনবে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। ২০১৩ সালের জানুয়ারি মাসে লাস ভেগাসে অনুষ্ঠিতব্য কনজুমার ইলেকট্রনিক শোতে (সিইএস) এ টেলিভিশন প্রদর্শন করবে প্রতিষ্ঠানটি। কনজুমার ইলেকট্রনিক শো ২০১৩ সালের ৮ জানুয়ারিতে শুরু হয়ে শেষ হবে ১১ জানুয়ারি। এবারের আয়োজনে টেলিভিশন, স্মার্টফোন, ট্যাবলেট ছাড়াও অন্যান্য গৃহস্থালি পণ্য প্রদর্শন করবে স্যামসাং।আলট্রা হাই ডেফিনেশন টেলিভিশন মূলত ৪কে প্রযুক্তি বা চার হাজার পিক্সল ফরম্যাটের টেলিভিশন হিসেবে পরিচিত। জাপানের টেলিভিশন নির্মাতা প্রতিষ্ঠান সনি ইতিমধ্যে ৮৪ ইঞ্চি মাপের ৪কে প্রযুক্তির টেলিভিশন বাজারে এনেছে। সনির এ টেলিভিশনটির মডেল হচ্ছে ব্রাভিয়া কেডিএক্স৯০০০। এই টেলিভিশনটির দাম প্রায় ৩০ লাখ টাকা। সনি ছাড়াও তোশিবা ও এলজি ৪কে প্রযুক্তির টেলিভিশন বাজারে আনার ঘোষণা দিয়েছে।স্যামসাংয়ের দাবি, ৮৫ ইঞ্চি মাপের টেলিভিশনে ‘ইনোভেটিভ এনহ্যান্সড ডিমিং টেকনোলজি’ ব্যবহূত হবে যা পুরোপুরি কালো বা সাদা রং ফুটিয়ে তুলতে পারবে।