স্যামসাং আনছে ‘স্মার্ট’ রিমোট কন্ট্রোল
কণ্ঠস্বর শনাক্তের প্রযুক্তি বা ভয়েস রিকগনিশন ও টাচ প্যাড সুবিধার নতুন একটি রিমোট কন্ট্রোল তৈরি করেছে ইলেকট্রনিকস পণ্যনির্মাতা স্যামসাং। স্যামসাংয়ের তৈরি স্মার্ট টেলিভিশনের সঙ্গে এ রিমোট কন্ট্রোলটি পাওয়া যাবে।রিমোট কন্ট্রোলটির ওপরের অংশে রয়েছে টাচ প্যাড। এ টাচ প্যাড ব্যবহার করে টিভির সেটিংস পরিবর্তনসহ ইন্টারনেট ব্রাউজিংয়ের মতো কাজগুলো করা যাবে বলে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে।রিমোটটিতে ব্যবহূত ভয়েস রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে টেলিভিশনের চ্যানেল পরিবর্তনসহ টাচ প্যাডের মতোই কাজ করা যাবে। এ ছাড়া রিমোট কন্ট্রোলটির পাশে বাটনও রয়েছে। বাটনগুলোর সাহায্যে সাধারণ রিমোটের মতো টেলিভিশন চালানো যাবে।গত জানুয়ারি মাসে লাস ভেগাসে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনজ্যুমার ইলেকট্রনিক শোতে ‘ইএস৮০০০’ মডেলের স্মার্ট টেলিভিশনে ভয়েস রিকগনিশন প্রযুক্তির ব্যবহার দেখিয়েছিল স্যামসাং। এ রিমোট কন্ট্রোলে সে প্রযুক্তিটিই ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে স্যামসাং।টেলিভিশন চালানো ছাড়াও এ রিমোটটির সাহায্যে সেট-টপ বক্স, ব্লু-রে ডিস্ক প্লেয়ারও নিয়ন্ত্রণ করা যাবে। চলতি বছরেই স্যামসাংয়ের এ স্মার্ট টেলিভিশন ও রিমোট কন্ট্রোলটি বাজারে পাওয়া যাবে।