স্যামসাং গ্যালাক্সি এস ফোর এখন দেশের বাজারে
অত্যাধুনিক সব সুযোগ-সুবিধাসংবলিত স্যামসাং গ্যালাক্সি এস ফোর নামের মোবাইল ফোনসেট এখন দেশের বাজারে পাওয়া যাচ্ছে। নতুন এই মোবাইল ফোন বা মুঠোফোনের দাম নির্ধারণ করা হয়েছে ৬৭ হাজার ৫০০ টাকা। কিস্তিতেও কেনা যাবে এই মুঠোফোন। সে ক্ষেত্রে মাসিক ২৮১০ টাকার কিস্তিতে মোট ২৪ মাসে পরিশোধ করতে হবে এর দাম। গ্রামীণফোনের গ্রাহকেরা তাঁদের ক্রেডিট কার্ড ব্যবহার করেও কিস্তিতে কিনতে পারবেন স্মার্টফোনটি। স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ ও গ্রামীণফোন যৌথভাবে এই স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে। রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে ফোনটি বাজারজাতের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, ট্রান্সকম মোবাইলের সিওও আরশাদ হক, স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের মহাব্যবস্থাপক এস এইচ সং ও হেড অব মোবাইল হাসান মেহদী, গ্রামীণফোনের প্রোডাক্ট ও কমার্শিয়াল হেড এবং পরিচালক মাইকেল ম্যালভেবো বক্তব্য দেন। অনুষ্ঠানে জানানো হয়, স্যামসাং গ্যালাক্সি এস ফোর স্মার্টফোনে দারুণ সব সুবিধা রয়েছে। ১৩০ গ্রাম ওজনের এই সেটের পাঁচ ইঞ্চি পর্দায় পাওয়া যাবে নানা সুবিধা। এর ১৩ মেগাপিক্সেলের ক্যামেরায় একই সঙ্গে সামনে ও পেছন থেকে ছবি তোলা যাবে। এতে আছে গ্রুপ প্লে নামে নতুন এক সুবিধাও। লতিফুর রহমান বলেন, ‘ট্রান্সকম সব সময় বিশ্বমানের প্রযুক্তি মানুষের হাতের কাছে এনে দিতে চায়। আর তাই স্যামসাংয়ের মতো বিশ্বমানের তথ্যপ্রযুক্তি বাংলাদেশের মানুষের কাছে সরবরাহ করতে পেরে আমরা আনন্দিত।