স্যামসাং থেকে দূরে সরছে অ্যাপল!(ভিডিও)
যুক্তরাষ্ট্রের আদালতে পেটেন্ট মামলায় অ্যাপলের কাছে স্যামসাংয়ের হারের পর থেকে প্রতিষ্ঠান দুটির মধ্যে বনিবনা ঠিকমতো হচ্ছে না। সম্প্রতি আইফোনের জন্য স্যামসাংয়ের কাছ থেকে মেমোরি চিপ নেওয়া বন্ধ করছে অ্যাপল। ঘনিষ্ঠ সূত্রের বরাতে ৭ সেপ্টেম্বর এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।আইফোনের মেমোরি চিপের প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে স্যামসাং। অ্যাপলের জন্য স্যামসাং মাইক্রোপ্রসেসর, ফ্ল্যাট স্ক্রিন, মেমোরি চিপ তৈরি করে। স্যামসাংয়ের ওপর নির্ভরতা কমাতে অন্যান্য প্রতিষ্ঠানের যন্ত্রাংশের দিকেও ঝুঁকছে অ্যাপল। তবে সরবরাহকারীর তালিকা থেকে একেবারে বাদ দেয়নি। স্যামসাংয়ের পরিবর্তে নতুন আইফোনের জন্য তোশিবা, এলপিডা, এসকে হাইনিক্সের মেমোরি চিপ নেবে অ্যাপল।জানা গেছে, দাম নিয়ে বনিবনা না হওয়ার কারণেই স্যামসাংয়ের চিপ কেনার সিদ্ধান্ত থেকে সরে আসছে অ্যাপল।অ্যাপল ও স্যামসাংয়ের দা-কুমড়ো সম্পর্কের উল্টো দিকেই চলছিল বন্ধুত্ব-ব্যবসা। সম্প্রতি যুক্তরাষ্ট্রে মামলায় হেরে যাওয়া স্যামসাংকে ১ বিলিয়ন ডলারের বেশি জরিমানা করেছেন আদালত। ৩১ আগস্ট গ্যালাক্সি এস৩ সহ স্যামসাংয়ের নতুন পণ্যগুলো অ্যাপলের পেটেন্ট ভেঙ্গেছে বলে নতুন মামলা করেছে অ্যাপল। স্যামসাংও ছাড় দিতে চাইছে না। প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন, নতুন আইফোন আনলেই মামলা করবে স্যামসাং। তবে আশ্চর্যের বিষয়, মামলা-পাল্টা মামলার মধ্যেও অ্যাপল ও যন্ত্রাংশ ব্যবসা টিকে ছিল। এ ব্যবসা ক্ষতিগ্রস্ত করতে চাইছিল না কোনো প্রতিষ্ঠানই। কিন্তু শেষ রক্ষা হচ্ছেনা। প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন, প্রযুক্তিপণ্যের প্রতিদ্বন্দ্বিতার যুগে প্রতিষ্ঠান দুটি প্রতিষ্ঠানের বন্ধুত্ব আর টিকছে না, সম্প্রতি স্যামসাং থেকে অ্যাপলের দূরে সরে যাওয়া তারই ইঙ্গিত করে। অ্যাপলের সঙ্গে কি স্যামসাংয়ের পুরোপুরি সম্পর্কোচ্ছেদ হবে? যন্ত্রাংশ ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়িক সম্পর্ক অক্ষুণ্ন রাখার কথা বললেও অ্যাপল কর্তৃপক্ষ ধীরে ধীরে স্যামসাংয়ের যন্ত্রাংশের ওপর থেকে নির্ভরতা কমিয়ে আনতে পারে বলেই ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।