স্যামসাং নকিয়ার চুক্তি

স্যামসাংয়ের স্মার্টফোন ও স্মার্টওয়াচে শিগগিরই নকিয়ার ম্যাপ সেবা পাবেন ব্যবহারকারীরা। সম্প্রতি নকিয়ার ম্যাপ ব্যবহারের জন্য স্যামসাং ও নকিয়ার মধ্যে একটি চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী স্যামসাংয়ের স্মার্টফোন ও গিয়ার এস নামের নতুন স্মার্টওয়াচে নকিয়ার হেয়ার ম্যাপস অ্যাপ্লিকেশনটি যুক্ত হচ্ছে। বিবিসি এক খবরে এ তথ্য জানিয়েছে।
নকিয়ার হেয়ার ম্যাপস সেবাটি এর আগে নকিয়া ম্যাপস হিসেবেই পরিচিত ছিল। বর্তমানে হেয়ার সেবাটি ইয়াহু, আমাজনের মতো প্রতিষ্ঠানও ব্যবহার করে। এই ম্যাপ সেবাটিতে ১৯০টি দেশের ম্যাপ রয়েছে। এই ম্যাপ থেকে প্রয়োজনীয় তথ্য যেমন পাওয়া যায়, তেমনি এটি অফলাইনেও ব্যবহার করা যায়।
প্রসঙ্গত, ২০১৩ সালে নকিয়ার মোবাইল ও সেবা বিভাগটি মাইক্রোসফট কিনে নিলেও ম্যাপ সেবাটি বিক্রি করেনি নকিয়া কর্তৃপক্ষ।
স্যামসাং জানিয়েছে, গিয়ার এস নামের স্মার্টওয়াচের জন্য নকিয়ার এই ম্যাপ সেবাটির বিশেষ একটি সংস্করণ তৈরি করছে নকিয়া। সংস্করণটির নাম ‘হেয়ার ফর গিয়ার’। স্মার্টওয়াচের ছোট ডিসপ্লেতেও এই ম্যাপের সাহায্যে পথ চেনার সুবিধা থাকবে।
এদিকে, সম্প্রতি ‘গিয়ার এস’ স্মার্টওয়াচ বাজারে আনার কথা জানিয়েছে স্যামসাং। এই স্মার্টওয়াচে ফোনকল রিসিভের পাশাপাশি কল করারও সুবিধা থাকছে। স্যামসাংয়ের নতুন এই স্মার্টওয়াচটি স্মার্টফোনের সঙ্গে সংযোগ ছাড়াও ব্যবহার করা যাবে। অক্টোবর মাসনাগাদ গিয়ার এস বাজারে আনার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
গিয়ার এসের বিশেষ ফিচার হচ্ছে ‘বিল্টইন’ থ্রি-জি প্রযুক্তি। সুপারঅ্যামোলেড ডিসপ্লের মাপ দুই ইঞ্চির মতো। তবে এর স্ক্রিন খানিকটা বাঁকানো থাকবে। এতে ক্যামেরা না থাকলেও থাকবে মিউজিক প্লেয়ার। চাইলে গানও শোনা যাবে এর মাধ্যমে।
গিয়ার এসে ব্যবহূত হবে ডুয়াল কোর এক গিগাহার্টজ প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম এবং ৪ জিবি মেমোরি থাকবে। সাদা ও কালো রঙে বাজারে আসবে এই স্মার্টওয়াচ। এই স্মার্টওয়াচের এখনো দাম ঘোষণা করেনি স্যামসাং।
নকিয়ার সঙ্গে স্যামসাংয়ের এই ঘনিষ্ঠতা দেখে বাজার-বিশ্লেষকেরা ধারণা করছেন, ক্রমশ গুগল থেকে সরে আসতে চাইছে স্যামসাং। প্রসঙ্গত, গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন তৈরি করে বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতার খ্যাতি পেয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।