স্যামসাংয়ের উইন্ডোজ চালিত ট্যাবলেট অক্টোবরে
উইন্ডোজ আরটি অপারেটিং সিস্টেম নির্ভর ট্যাবলেট কম্পিউটার বাজারে আনার পরিকল্পনা করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং।অ্যাপলের এক পেটেন্ট ভঙ্গের মামলায় যুক্তরাষ্ট্রের বাজারে স্যামসাং গ্যালাক্সি ১০.১ ট্যাবলেট বিক্রিতে নিষেধাজ্ঞা জারি হওয়ার পর উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ট্যাবলেট বাজারে আনার এই পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।উইন্ডোজের নতুন অপারেটিং সিস্টেমনির্ভর স্যামসাংয়ের এই নতুন ট্যাবলেট কম্পিউটার চলতি বছরের অক্টোবর মাস নাগাদ বাজারে আসতে পারে বলেই জানা গেছে। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, স্মার্টফোন ব্যবসায় বিশ্বের শীর্ষে থাকা স্যামসাংয়ের জন্য চলতি সপ্তাহটি ছিল মিশ্র অনুভূতির। চলতি সপ্তাহে অ্যাপলের সঙ্গে পেটেন্ট মামলায় যুক্তরাষ্ট্রের বাজারে তাদের দুটি পণ্যের বিক্রি বন্ধ হয়ে গেছে। আবার এ সপ্তাহেই রেকর্ড পরিমাণ লাভের মুখও দেখেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যেই নতুন ট্যাবলেটের পরিকল্পনা গ্রহণ করল প্রতিষ্ঠানটি।