স্যামসাংয়ের বিজ্ঞাপন দিতে হবে অ্যাপলকে!
স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাবে আইপ্যাডের কোনো নকল করা হয়নি, অ্যাপলের ওয়েবসাইটসহ অন্যান্য সংবাদপত্রে এই বিজ্ঞাপন দেওয়ার জন্য অ্যাপলকে নির্দেশ দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। যুক্তরাজ্যে পেটেন্ট ভঙ্গ নিয়ে স্যামসাং ও অ্যাপলের মধ্যকার মামলায় ৯ জুলাই যুক্তরাজ্যের আদালত স্যামসাংয়ের পক্ষে রায় দিয়ে অ্যাপল কর্তৃপক্ষকে এ আদেশ দিয়েছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।সংবাদ সংস্থা ব্লুমবার্গের তথ্য অনযায়ী, আদালতের নির্দেশ অনুসারে অ্যাপলের ওয়েবসাইটে স্যামসাংয়ের পণ্যের জন্য ছয় মাস বিজ্ঞাপন প্রদর্শন করতে হবে। এ ছাড়া অন্যান্য সংবাদপত্র ও সাময়িকীতে বিজ্ঞাপন দিয়ে স্যামসাং গ্যালাক্সি ট্যাব আইপ্যাডের নকল নয় এ তথ্য প্রকাশ করতে হবে। ৯ জুলাই আদালতের দেওয়া রায়ে অবশ্য এ বিষয়টি প্রকাশ্যে জানানো হয়নি। তবে আদালতে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। অ্যাপলকে যে বিজ্ঞাপন প্রকাশ করতে হবে, তাতে আদালতের নোটিশটির উল্লেখ থাকতে হবে।অ্যাপল এবং স্যামসাং পণ্য এক রকম নয় বলেও রায় দিয়েছেন আদালত। দুটি পণ্যের আলাদা বৈশিষ্ট্য রয়েছে বলেও জানিয়েছেন বিচারক কলিন ব্রিস। আদালতের রায়ে বলা হয়েছে, আইপ্যাড ও স্যামসাং গ্যালাক্সি ট্যাবের বেশ কিছু ফিচার দেখতে একই রকমের হলেও আইপ্যাডের তুলনায় পিছিয়ে রয়েছে স্যামসাং।উল্লেখ্য, এ রায়ের ফলে যুক্তরাজ্যে স্যামসাং গ্যালাক্সি ট্যাব বিক্রিতে কোনো নিষেধাজ্ঞা থাকছে না স্যামসাংয়ের জন্য।আদালতের এ আদেশ নিয়ে অবশ্য অ্যাপল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। এদিকে মামলার রায় প্রসঙ্গে স্যামসাং জানিয়েছে, পেটেন্ট নিয়ে অ্যাপল মামলা করতে থাকলে প্রযুক্তি উদ্ভাবনে প্রতিবন্ধকতা আসবে ও আগ্রহী ক্রেতা কমে যাবে।প্রসঙ্গত, বিশ্বব্যাপী একাধিক দেশে চলছে অ্যাপল বনাম স্যামসাংয়ের এই পেটেন্ট-যুদ্ধ। এ ধরনেরই একটি মামলায় নেদারল্যান্ডের আদালতে জয়ী হয়েছে স্যামসাং। তবে যুক্তরাষ্ট্রের আদালতে হেরে গিয়ে সেখানে স্যামসাং গ্যালাক্সি ট্যাব ও নেক্সাস ফোন বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞার মুখে পড়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।