স্যামসাংয়ের স্মার্টফোন ও ট্যাবলেটে বাংলা
এবার স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনগুলোতে বাংলা ভাষায় পাওয়া যাবে। এর ফলে বাংলায় পুরো স্মার্টফোনের ইন্টারফেসসহ অন্যান্য সেবা পাওয়ার সুযোগ তৈরি হলো। এ ছাড়া ভারতীয় আরও আটটি ভাষা যুক্ত হচ্ছে। সম্প্রতি স্যামসাং কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। নতুন এ সুবিধার ফলে স্মার্টফোনের পাশাপাশি স্যামসাংয়ের ট্যাবলেট কম্পিউটারেও বাংলা থাকছে। বাংলা ছাড়া অন্য ভাষাগুলোর মধ্যে রয়েছে হিন্দি, পাঞ্জাবি, তামিল, গুজরাটি, মারাঠি, তেলেগু, কানাড়া ও মালায়ালাম। স্যামসাং মোবাইল ইন্ডিয়ার কান্ট্রি হেড ভিনেত তানেজা জানান, অ্যান্ড্রয়েড-চালিত স্যামসাংয়ের স্মার্টফোনগুলোতে স্থানীয় ভাষা যোগ করে ব্যবহারকারীদের নতুন এক অভিজ্ঞতা দিতেই এমন উদ্যোগ। ইংরেজির বাইরে স্যামসাংয়ের পণ্যে এমন উদ্যোগ এবারই প্রথম নেওয়া হয়েছে বলে জানান তিনি। নতুন এ সুবিধা স্যামসাং গ্যালাক্সি এস ফোর, গ্যালাক্সি গ্র্যান্ডসহ গ্যালাক্সি ট্যাবলেট থ্রি সিরিজে পাওয়া যাবে। আগামী দুই মাসের মধ্যে নয়টি ভাষা যুক্ত এসব স্মার্টফোন ও ট্যাবলেট ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা।এ সুবিধা যুক্ত হওয়ার ফলে ব্যবহারকারীরা নিজের ভাষায় স্যামসাং অ্যাপ স্টোর থেকে গেমস, বিনোদন, লাইফস্টাইল, ব্যবসাসহ নানা ধরনের সেবা নিজের ভাষাতেই পাবেন। এসব অ্যাপসের বাইরে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া, ফেসবুক, জিমেইল ইত্যাদিও নিজের ভাষায় ব্যবহার করা যাবে। নয়টির পর ধীরে ধীরে আরও নতুন ভাষা যুক্ত হওয়ার কথাও জানিয়েছে দক্ষিণ কোরিয়ান এ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। নতুন এ ভাষা যোগ হওয়ার ফলে স্থানীয় ভাষায় তৈরি অ্যাপসের চাহিদা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।—টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে নুরুন্নবী চৌধুরী