স্যামসাংয়ের ‘কমদামি’ স্মার্টফোন
স্যামসাং ইলেকট্রনিকস এবার নিম্ন ও মধ্য আয়ের জনগোষ্ঠীর জন্য স্মার্টফোন বাজারজাত করেছে। আজ বুধবার সিউলে স্যামসাং তাদের ‘ট্রেডমার্ক’ গ্যালাক্সির ব্যানারে এ ধরনের চারটি স্মার্টফোনের উদ্বোধন করেছে। উচ্চমূল্যের স্মার্টফোনের বাজারে প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই দ্বিতীয় বৃহত্তম অবস্থান তৈরি করেছে। এ বাজারে প্রথম স্থানটি দখল করেছে অ্যাপল।অ্যাপল সম্প্রতি তাদের আইফোন-৪-এর একটি কমদামি সংস্করণ বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে। এমন একটি সময় স্যামসাং এই নতুন চারটি কমদামি ‘গ্যালাক্সি’ স্মার্টফোন বাজারে নিয়ে এল। স্যামসাংয়ের বাজারজাত করা এ নতুন গ্যালাক্সিগুলোর দাম হবে ২০০ ডলার কিংবা এর নিচে। স্যামসাংয়ের একজন মুখপাত্র বলেন, ‘এ মুহূর্তে স্যামসাং ইলেকট্রনিকস এমন একটি বাজার দখলের চেষ্টা করছে, স্মার্টফোন যাদের কাছে এখনও স্বপ্নের বিষয়।’ গ্যালাক্সি ডব্লিউ, গ্যালাক্সি এম প্রো, গ্যালাক্সি ওয়াই প্রো ও গ্যালাক্সি ওয়াই নামের—এ চারটি কমদামি স্মার্টফোন দিয়ে এ বাজারেও প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো বলে মত দিয়েছেন বিশ্লেষকেরা।২০১০ সালের জুনে স্যামসাং উচ্চমূল্যের গ্যালাক্সি এস বাজারজাত করে। এর পরে এ বছরের এপ্রিলে বাজারে আসে প্রতিষ্ঠানটির গ্যালাক্সি এস-২ স্মার্টফোন। ইতিমধ্যেই এ দুটি উচ্চমূল্যের স্মার্টফোন পৃথিবীময় ৫০ লাখ ইউনিট বিক্রি হয়েছে।বর্তমানে সারা বিশ্বে মোবাইল ফোন হ্যান্ডসেটের বাজারের ৬৪ শতাংশ দখল করেছে স্মার্টফোন। গত বছরই এ হার ছিল ৫৪ শতাংশ।