স্ল্যাশের মূল পর্বে বাংলাদেশের দুটি দল
প্রযুক্তিভিত্তিক নতুন উদ্যোগ (স্টার্টআপ) নিয়ে ফিনল্যান্ডের হেলসিংকিতে অনুষ্ঠেয় ‘স্ল্যাশ ২০১৬ গ্লোবাল ইমপ্যাক্ট এক্সিলারেটর’-এর চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য বাংলাদেশের দুটি দল নির্বাচিত হয়েছে। স্থানীয় আয়োজক এম-ল্যাব এ তথ্য জানিয়েছে।
আগামী ২২ নভেম্বর থেকে ১ ডিসেম্বর অনুষ্ঠেয় এ আয়োজনে ‘আরএক্স ৭১ লিমিটেড’ এবং ‘টেন মিনিট স্কুল’ বাংলাদেশ থেকে অংশ নেবে। চলতি বছর ১০০টির বেশি দেশ থেকে ১৫ হাজার দর্শনার্থী স্ল্যাশ গ্লোবাল ইমপ্যাক্ট এক্সিলারেটরে অংশ নেবেন।
এই আয়োজন সম্পর্কে এম-ল্যাবের সমন্বয়ক নাজমুল হাসান বলেন, আমরা আশা করছি বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো সাফল্য পাবে। এম-ল্যাব, স্ল্যাশ এবং ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে গত ২৬ আগস্ট ঢাকায় শুরু হয় ‘স্ল্যাশ ২০১৬ গ্লোবাল ইমপ্যাক্ট এক্সিলারেটর’ নামের ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। সেখানেই বিচারকমণ্ডলী এই দুটি দলকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচন করেন। স্ল্যাশের ওয়েবসাইটে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত প্রতিযোগীদের নাম প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি