সড়ক দুর্ঘটনা রোধে তথ্য-প্রযুক্তির ব্যবহার নিয়ে কর্মশালা

তথ্য-প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে সড়ক দুর্ঘটনা কীভাবে রোধ করা যায় তা নিয়ে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ আয়োজিত ‘সড়ক দুর্ঘটনা রোধে তথ্য-প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় ‘ড্রাইভার ডিসট্রাকশন ম্যানেজমেন্ট সিস্টেম’ এর তথ্য তুলে ধরেন এই বিভাগের কয়েকজন শিক্ষার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসের কনফারেন্স রুমে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান, ডাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক এম লুত্ফর রহমান, নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুর রাজ্জাক। তথ্য প্রযুক্তির বিভিন্ন দিক ব্যবহার করে সড়ক দুর্ঘটনা রোধে তাঁর তত্ত্বাবধানে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী অমিত, তমাল, সাকিব ও নুসরাত ড্রাইভার ডিসট্রাকশন ম্যানেজমেন্ট সিস্টেম তৈরিতে কাজ করছেন।
সেমিনারে সোহাগ পরিবহন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাঁদের গাড়িতে উদ্ভাবিত প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহারে সহযোগিতা কররবেন বলে জানান।
এই কর্মশালায় তথ্য-প্রযুক্তির ব্যবহার এবং সড়ক দুর্ঘটনা রোধে চালকদের করণীয় সম্পর্কে ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়।
ড্রাইভার ডিসট্রাকশন ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে জানা যাবে এই সাইট থেকে (http://driverdistraction.gnrbd.net)। বিজ্ঞপ্তি