সয়ুজ ফিরেছে, ফিরেছেন ৩ নভোচারী (ভিডিও)
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১২৩ দিন পার করে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন সয়ুজের তিন নভোচারী। রাশিয়ার এ নভোযানে করে রাশিয়ার নভোচারী গেনাডি পাডালকা ও সের্গেই রেভিন ও যুক্তরাষ্ট্রের নভোচারী জো আকাবা আজ ১৭ সেপ্টেম্বর কাজাখস্তানে অবতরণ করেন। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে নভোচারীদের নিরাপদ অবতরণের তথ্য নিশ্চিত করা হয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কমান্ডারের দায়িত্ব পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভোচারী সুনীতা উইলিয়ামস। তিন নভোচারীকে নিয়ে সয়ুজ নভোযান আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ছেড়ে আসার পরপর কমান্ডার গেনাডি পাডালকার কাছ থেকে এক্সপেডিশন ৩৩র দায়িত্ব বুঝে নিয়েছেন তিনি। ইতিহাসে দ্বিতীয় নারী হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনের কমান্ডারের দায়িত্ব পেলেন সুনীতা। বর্তমানে সুনীতা ছাড়াও স্পেস স্টেশনে অবস্থান করছেন রাশিয়ার নভোচারী ইউরি মালেনচেঙ্কো ও জাপানের নভোচারী আকিহিকো হোসিডি। অক্টোবরের মাঝামাঝি সময়ে আরও তিনজন নভোচারী তাঁদের সঙ্গে যোগ দেবেন।পৃথিবীতে সফলভাবে ফিরে এলেও নাসার গবেষকরা জানিয়েছেন সয়ুজের তিন নভোচারীকে পৃথিবীর পরিবেশে মানিয়ে নিতে কিছুদিন বেশ কষ্ট করতে হবে।