হজ ব্যবস্থাপনায় দুটি সফটওয়্যার
‘আগে হজযাত্রীদের সৌদি দূতাবাসের নির্ধারিত ওয়েবসাইটে রাত জেগে ভিসা লজমেন্ট করতে অনেক বিড়ম্বনা হতো। ৯৫০ জন হাজির ভিসা করতে ২০ দিন লেগে যেত। এবার ভিসা লজমেন্ট সফটওয়্যার ব্যবহার করে মাত্র চার দিনে কাজ শেষ হয়েছে’—এমনটাই বললেন কার্নিভাল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবস্থাপক এরশাদুল ইসলাম। গত বছর থেকে তথ্যপ্রযুক্তিকে ব্যবহার করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে বিজনেস অটোমেশন লিমিটেড কাজটি করছে। এতে হজ ব্যবস্থাপনা আগের চেয়ে সহজ হয়েছে। ভিসা লজমেন্ট সফটওয়্যার ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে ডেটাবেইস থেকে প্রয়োজনীয় তথ্যে নির্ধারিত ফরমের ঘরগুলো পূরণ হয়ে যায়। আগে প্রতিবার ভিসা লজমেন্ট করলে বারকোড পেতে ছয় ঘণ্টা লেগে যেত। তা ছাড়া সৌদি দূতাবাসে ভিসাপ্রার্থীর নামের তালিকা জমা দিতে হতো। এই সফটওয়্যার ব্যবহারের ফলে এখন অল্প সময়ে কাজ করা যায়। বিজনেস অটোমেশন লিমিটেডের পরিচালক সোয়েব আহমেদ জানালেন, হজ ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি ব্যবহার বেশ কয়েক বছর ধরে হলেও এবার আরও কিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন—ভিসা লজমেন্ট সফটওয়্যার, এম্বারকেশন কার্ড প্রিন্ট সফটওয়্যার, বেসরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সির আগের চেয়ে অনেক কম সময়ে অল্প পরিশ্রম কম খরচে করা যাচ্ছে। হজের নির্ধারিত ওয়েবসাইট (www.hajj.gov.bd) তৈরি ফলে এজেন্সির অবস্থা কী, তা জানা যাবে। হাজিদের তথ্য সংগ্রহ করে ওয়েবসাইটে সংরক্ষণ করা হয় এবং তা হালনাগাদ করা হচ্ছে নিয়মিত। বিমানবন্দরে ইমিগ্রেশন পার হলে এম্বারকেশন কার্ড পূরণ করতে হয়। কোনো কোনো বয়োবৃদ্ধের জন্য এই কার্ড পূরণ করা কষ্টকর। এম্বারকেশন কার্ড প্রিন্ট সফটওয়্যার ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে মাত্র ৩০ মিনিটে দুই হাজারের বেশি কার্ড তৈরি করা যাচ্ছে। —ফেরদৌস ফয়সাল