হজিতের হাত ধরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজিত বিকাশ ত্রিপুরা
হজিত বিকাশ ত্রিপুরা

খাগড়াছড়ির সীমানাপাড়া গ্রামের একটি কিশোর এসএসসি পাস করেছে। সেটা ২০১১ সাল। শুনে মনে হতে পারে এ আর এমন কী? প্রতিবছরই তো এ দেশের হাজার হাজার ছাত্রছাত্রী এসএসসি পাস করছে। যাঁরা সীমানাপাড়ার কথা জানেন না, তাঁদের পক্ষে এ রকম ভাবাটাই স্বাভাবিক। কিন্তু শহরের কথা দূরে থাকুক, বাংলাদেশের আর দশটি গ্রামের সঙ্গেও সীমানাপাড়ার কোনো তুলনাই চলে না। দীঘিনালা উপজেলার দুর্গম এই পাহাড়ি গ্রামে কোনো স্কুলই নেই। গ্রামের সবচেয়ে কাছে যে গুচ্ছগ্রাম রেজিস্টার্ড স্কুলটি তার দূরত্ব সাত কিলোমিটার। যাতায়াতের জন্য নেই কোনো যানবাহন। সুতরাং প্রাথমিক স্কুলের ছোট্ট শিশুটিকেও সাত কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে যেতে হবে, দিন শেষে আবার একই পথে ফিরতে হবে ক্লান্ত শরীরের বোঝা বয়ে নিয়ে।
এই চৌদ্দ কিলোমিটারের বাধা ডিঙিয়ে স্কুলের পাট চুকিয়ে হজিত বিকাশ ত্রিপুরা এসএসসিতে উত্তীর্ণ হলো। এবার তো উপজেলা সদরে গিয়ে একটি কেরানি-দপ্তরির চাকরি খুঁজে নিলেই হয়। অন্য দশজন তো তা-ই করত। কিন্তু হজিতের মনে হলো, শিক্ষার তো সবে শুরু। যেতে হবে আরও অনেক দূর। ভর্তি হয়ে গেল দীঘিনালা কলেজে। দীঘিনালা কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে হজিত।
কিন্তু হজিতের মনে আরও অনেক চিন্তা। নিজে যা হোক কষ্টেসৃষ্টে কিছুটা শিক্ষার আলো পেয়েছে, কিন্তু অজ্ঞানতার অন্ধকারে ডুবে থাকা গ্রামটির কী হবে?
হজিত বলল, ‘গ্রামে স্কুল নেই, তাই শিশুদের লেখাপড়া বন্ধ। সব শিশুর পক্ষে তো এত দূরে স্কুলে যাওয়া সম্ভব না। তাদের ডেকে এনে আমার ঘরে পড়াতে শুরু করলাম। শুরুতে তেমন সাড়া ছিল না, কিন্তু দিনে দিনে বাড়ল ছাত্রসংখ্যা।’
হজিত তারপর আবিষ্কার করল, সমস্যা কিন্তু একটা না। ‘একদিন পাশের গ্রামে বড় ভাইয়ের বাড়িতে গিয়ে নিজের চোখেই দেখতে পেলাম ১৪-১৫ বছরের একটি মেয়ে মারা গেছে সন্তান জন্ম দিতে গিয়ে। ছোট্ট মেয়েটির তখনো পুতুল খেলার বয়স পেরোয়নি। সে কেন সন্তানের মা হবে?’—এসব প্রশ্নে তোলপাড় হয়ে যেত হজিতের মন।
বাল্যবিবাহ বন্ধ করার জন্য এবার এলাকার বয়স্ক লোকজনের সঙ্গে আলাপ শুরু করল হজিত। এলাকাবাসী শিক্ষিত মানুষ হিসেবে হজিতকে কিছুটা সমীহ করলেও তার এসব কথা সহজে মেনে নিতে পারেন না। ঘরে এতগুলো মেয়ে রেখে দিলে খাওয়াবে-পরাবে কে, আর সন্তান তো ভগবানের দান...। ইত্যাদি নানা কুসংস্কারের কথা বলে হজিতকে দমিয়ে দিতে চাইতেন তাঁরা। হজিত বুঝল, চৌদ্দ কিলোমিটার দুর্গম পথ পাড়ি দেওয়ার চেয়ে কঠিন এ কাজ। কিন্তু দমে যাওয়ার পাত্র নয় সে। বাল্যবিবাহ রোধ, স্বাস্থ্যসেবা আর জন্মনিয়ন্ত্রণের ‘নতুন’ কথাগুলো সীমানাপাড়ার মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা তার থামল না।
‘এ কাজে কারও সাহায্য-সহযোগিতা পাওনি?’
—‘পেয়েছি।’
অকুণ্ঠচিত্তে তার বন্ধু শিক্ষার আলো পাওয়া আরেক উদ্যমী তরুণ ধনলাল ত্রিপুরার কথা বলল হজিত। দুই বন্ধুর অদম্য মনোবল আর বিনিময়ের প্রত্যাশাহীন সংগ্রামে ধীরে ধীরে বদলাতে শুরু করল গ্রামের চেহারা। বাল্যবিবাহে বাধা দিলে যাঁরা শত্রু মনে করতেন, শিশুদের পড়ালেখা করতে পাঠাতে বললে যাঁরা বিদ্রূপ করতেন, ধীরে ধীরে পাল্টাতে লাগল তাঁদের মনোভাব, মুখের ভাষা। রঞ্জিতা ত্রিপুরা (৪০) নামের এক আদিবাসী নারী ভাঙা ভাঙা বাংলায় বলেন, ‘হজিত আমাদের চোখ খুলে দিয়েছে। শুধু আমি না, পাড়ার সবাই মেয়ের বিয়ের আগে হজিতের সঙ্গে কথা বলে। হজিত সব সময় আমাদের ভালো পরামর্শ দেয়। ছেলেমেয়েদের পড়ায়।’ গ্রামের ধীরেন ত্রিপুরা, মল্লিকা ত্রিপুরাও বললেন একই কথা। পত্রমোহন ত্রিপুরা (৪৮) বলেন, ‘হজিত আমাদের রোগ-বালাই সম্পর্কে জানায়। আগে আমরা এসব বুঝতাম না। কিছু হলে বৈদ্যের কাছে চলে যেতাম। এখন হাসপাতালে যাই।’
হজিত বিকাশের হাত ধরে বদলে যাচ্ছে একটি গ্রাম। এই বদলে যাওয়ার খবর প্রথম আলোতে প্রকাশিত হওয়ার পর সেভ দ্য চিলড্রেন ইউএসএ এগিয়ে এসেছে। তাদের সহযোগিতায় জাবারাং কল্যাণ সমিতি একটি প্রাথমিক বিদ্যালয় তৈরি করেছে। ২০১৩ সাল থেকে সেই বিদ্যালয়ের দায়িত্ব নিয়েছে ব্র্যাক। সেই স্কুলে এখন মাসে এক হাজার ৮০০ টাকা বেতনে শিক্ষকতা করছে হজিতের বন্ধু ধনলাল। আর এদিকে আরও বড় একটি স্কুল তৈরির স্বপ্ন নিয়ে হজিত তার ঘরে এখনো চালু রেখেছে পাঠদান। সেই গুরুগৃহে তৈরি হচ্ছে সীমানাপাড়ার উজ্জ্বল ভবিষ্যৎ। সীমানাপাড়া গ্রামে এখনো বিদ্যুৎ পৌঁছেনি। একদিন হয়তো পৌঁছাবে। সেদিন বিদ্যুতের আলো আর মেধার আলোতে নিশ্চয়ই আলোকিত হয়ে উঠবে এই পাহাড়ি গ্রামটি।
সহযোগিতা: আশরাফ উল্লাহ ও পলাশ বড়ুয়া