হজের সময় নতুন ভাইরাস সতর্কতা
কাতার ও সৌদি আরবে হজের আগে সার্সের মতো নতুন একটি ভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত ২৬ সেপ্টেম্বর সংস্থাটি এ ভাইরাসজনিত সংক্রমণের বিষয়ে বিশ্বের স্বাস্থ্যকর্মীদের সতর্ক করে দিয়েছে।বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মুসলমান মক্কায় হজ করতে আসবেন। হাজিদের স্বাস্থ্যের বিষয়টি পর্যবেক্ষণে রাখতে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর রয়টার্সের।সৌদি আরব ও কাতারে ভ্রমণের পর যদি কেউ শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতায় ভোগেন সেক্ষেত্রে বিষয়টি পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। ২০০৩ সালে যে ধরনের ভাইরাসের সংক্রমণে বিশ্বের বহ মানুষ মারা গিয়েছিল, সম্প্রতি সে ধরনের ভাইরাসের উপস্থিতির আলামত পাওয়ায় এ সতর্কবার্তা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।সম্প্রতি যুক্তরাজ্যের চিকিত্সকরা কাতারের ৪৯ বছর বয়স্ক এক ব্যক্তির দেহে সার্সের মতো নতুন এক ধরনের ভাইরাসের খোঁজ পেয়েছেন। ৪৯ বছর বয়স্ক ওই ব্যক্তিকে চিকিত্সার জন্য কাতার থেকে লন্ডনের হাসপাতালে নেওয়ার পর তাঁর শরীরে এ ভাইরাস ধরা পড়ে। এ ধরনের ভাইরাসে আক্রান্ত হওয়ার এটি দ্বিতীয় ঘটনা। এ প্রসঙ্গে বিবিসি জানিয়েছে, এর আগে সৌদি আরবে এক ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যদিও ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ভাইরাসে আক্রান্ত কোনো রোগীর তথ্য পাওয়া যায়নি, তবে এ বিষয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। এ ভাইরাসটির আচরণে কোনো পরিবর্তন আসছে কিনা সমুদয় বিষয়ই পরীক্ষা করে দেখা হচ্ছে। সার্সের মতই নতুন এ ভাইরাসটি মানুষের জন্য কী ধরনের হুমকি হতে পারে তা নির্ধারণের জন্য ভাইরাসটির জিনগত বিশ্লেষণ ও আচরণগত পরিবর্তনগুলো পরীক্ষা করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিত্সকরা। সৌদি আরব বা কাতার ভ্রমণের পর দশ দিনের মধ্যে জ্বর ও বেশি মাত্রায় কাশি হলে এবং হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে তাঁদেরকে বিশেষ পর্যবেক্ষণে রাখার কথা বলা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই ভাইরাসটি করোনাভাইরাস প্রজাতির। এ প্রজাতির বেশ কয়েকটি ভাইরাসে আক্রান্ত হলে মানুষ সাধারণ সর্দি বা শ্বাস-কষ্টের শিকার হয়। তবে এর আগে মানবদেহে চিহ্নিত যে কোনো করোনাভাইরাসের চেয়ে নতুন ভাইরাসটি ভিন্ন প্রকৃতির। সার্সের মতো একই পরিবারের হলেও এটি সার্স নয়। তাই আক্রান্ত মানুষের সংস্পর্শে এলে এ ভাইরাসটি ছড়ায় কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য দিতে পারেননি চিকিত্সকরা।উল্লেখ্য, ২০০২ সালে সার্স ভাইরাস চীনসহ আরো ৩০ টি দেশে ছড়িয়ে পড়লে ৮০০ জন মানুষের মৃত্যু ঘটেছিল। পুরো ২০০৩ সাল জুড়েই এর প্রকোপ দেখা গিয়েছিল। নতুন ভাইরাসটির বিষয়ে সতর্ক করে দিলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে কাতার ও সৌদি আরবে ভ্রমণের ওপর কোন কড়াকড়ি নেই।