হট মেইলের বাগ তাড়াল মাইক্রোসফট
হট মেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চুরি করে নিতে পারে এমনই একটি ‘বাগ’ বা ত্রুটি ঠিক করেছে মাইক্রোসফট। এক খবরে টেলিগ্রাফ জানিয়েছে, এই সফটওয়্যার ত্রুটি ব্যবহার করে হ্যাকাররা পাসওয়ার্ড বদলে ফেলার মাধ্যমে যে কারও হট মেইল অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করে নিচ্ছিল এবং অ্যাকাউন্ট ফেরত দিতে ২০ ডলার অর্থ দাবি করছিল।ইন্টারনেটে হট মেইলের বাগটির তথ্য ছড়িয়ে পড়ার পরপরই বেশ দ্রুত এ বাগটি ঠিক করেছে মাইক্রোসফট। কিন্তু এপ্রিল মাসের শুরুর দিকে যখন এ বাগটির প্রকোপ শুরু হয়েছিল, সেসময় মাইক্রোসফট বাগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে তেমন সাড়া দেয়নি। হট মেইল অ্যাকাউন্টে বাগের সমস্যা নতুন নয়। এর আগে ২০০৯ সালে এমনই একধরনের বাগের মুখে পড়েছিল মাইক্রোসফট। সে বাগটি দূর করতেও অনেক বেগ পেতে হয়েছে মাইক্রোসফটে। মাইক্রোসফট সেসময় জানিয়েছিল, সহজেই অনুমান করা যায় এমন পাসওয়ার্ডের কারণে অনেক হট মেইল অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে। তাই হট মেইল ব্যবহারকারীদের সহজ পাসওয়ার্ডের পরিবর্তে জটিল পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দিয়েছিল। কিন্তু দীর্ঘদিন অনুরোধের ফলেও অনেক ব্যবহারকারী সহজে অনুমান করা যায় এমন পাসওয়ার্ড পরিবর্তন করেনি। প্রসঙ্গত, ২০১১ সালে মাইক্রোসফট হট মেইল ব্যবহারকারীদেরকে সহজে অনুমেয় এমন পাসওয়ার্ডগুলো পরিবর্তন করে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল।নতুন বাগ প্রসঙ্গে মাইক্রোসফট জানিয়েছে, বাগটি মাইক্রোসফট সমাধান করে ফেলেছে। তাই ব্যবহারকারীদের কোনো নিরাপত্তাজনিত পদক্ষেপ নিতে হবে না।উল্লেখ্য, মাইক্রোসফটের হট মেইল সার্ভিসটি বিশ্বের বৃহত্তম ই-মেইল সার্ভিস। বর্তমানে এ সার্ভিসটিতে ৩৫ কোটি অ্যাকাউন্ট রয়েছে।