হটমেইলে আসছে বড় পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৬ সালে চালু হওয়া মাইক্রোসফটের বিনা মূল্যের ই-মেইল সেবা হটমেইলে আসছে বড় পরিবর্তন। নাম পরিবর্তন হয়ে হটমেইলে এখন পরিচিত হবে ‘আউটলুক ডট কম’ নামে। এ পরিবর্তনের পাশাপাশি এতে যুক্ত হচ্ছে নতুন নানা সুবিধা। ব্যবহারকারী যাতে সহজেই নিজেদের বার্তাগুলো গুছিয়ে রাখতে পারেন, থাকছে সে সুবিধাও। এ ছাড়া যুক্ত হচ্ছে স্কাইপ ব্যবহার করে ইন্টারনেট কল করার সুবিধা। মাইক্রোসফট কর্তৃপক্ষের মতে, স্প্যাম মেইল থেকে রক্ষা করার ক্ষেত্রে দারুণভাবে কাজ করবে আউটলুক ডট কম। মেইল ঠিক করে রাখার পাশাপাশি নতুন মেইলগুলো কন্টাক্ট, নিউজ লেটার, সোশ্যাল নেটওয়ার্কিং ইত্যাদি ক্যাটাগরিতে ভাগ করেও রাখা যাবে। মাইক্রোসফটের ক্লাউড সেবা ব্যবহারেরও সুযোগ পাবেন ব্যবহারকারীরা। মূলত বর্তমানে শীর্ষে থাকা গুগলের ই-মেইল সেবা জিমেইলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে নতুন সুবিধার এ ওয়েবমেইল চালু করছে মাইক্রোসফট। মাইক্রোসফটের উইন্ডোজ লাইভ বিভাগের ভাইস-প্রেসিডেন্ট ক্রিস জোনস বলেন, আউটলুক ডট কম হবে এমন এক ওয়েবমেইল, যেখানে যুক্ত থাকবে ফেসবুক, টুইটার, লিংকডইন, গুগল ও স্কাইপ সেবা। বর্তমানে বিশ্বব্যাপী হটমেইলের সক্রিয় ব্যবহারকারী প্রায় ৩৬ কোটির বেশি। খুব শিগগিরই সব হটমেইল ব্যবহারকারীকে এ-সংক্রান্ত বিষয়গুলো জানানো হবে। এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা @hotmail, @msn, @live.com-এর পাশাপাশি @outlook.com ঠিকানাও যুক্ত করতে পারবেন। —বিবিসি অবলম্বনে কাজী আশফাক আলম