হটমেইলে ‘লগ-ইন’ সমস্যায় লক্ষাধিক ব্যবহারকারী
বিনা মূল্যে মাইক্রোসফটের ই-মেইল-সেবা হটমেইলের লক্ষাধিক ব্যবহারকারী লগ-ইন (প্রবেশ) সমস্যায় পড়েছেন। মাইক্রোসফটের ক্লাউড সমস্যার কারণে এমন হয়েছে বলে জানা গেছে। বড় ধরনের এ কারিগরি সমস্যায় আক্রান্ত হয়ে হটমেইলে প্রবেশ করতে পারেননি ব্যবহারকারীরা। মাইক্রোসফট জানিয়েছে, ডোমেইন নাম পদ্ধতি সমস্যার কারণে এ সমস্যা হয়েছে। প্রায় আড়াই ঘণ্টা এ সমস্যা থাকায় লক্ষাধিক হটমেইল ব্যবহাকারী নিজের অ্যাকাউন্টে ঢুকতে পারেননি। পরবর্তী সময়ে সমস্যাটি ধরা গেছে বলে মাইক্রোসফটের ব্লগে জানানো হয়। তাতে বলা হয়, সমস্যাটি সমাধানে দ্রুত কাজ চলছে এবং খুব শিগগিরই এর সমাধান হয়ে যাবে। চলতি বছরে দ্বিতীয়বারের মতো এ ধরনের লগ ইন সমস্যায় পড়লেন হটমেইল ব্যবহারকারীরা। তবে এবারের সমস্যাটি ক্লাউড সেবাসংক্রান্ত হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট। বর্তমানে সমস্যা সমাধান হয়েছে বলেও জানা গেছে। তবে এ ধরনের সমস্যায় আক্রান্ত হওয়ায় হতাশ হটমেইল ব্যবহারকারীরা। তাঁদের মতে, এ ধরনের সমস্যার ক্ষেত্রে মাইক্রোসফটের আরও সচেতন হওয়া উচিত। —দ্য টেলিগ্রাফ