হঠাৎ অচল ফেসবুক

আজ হঠাৎ করে কিছুক্ষণের জন্য অচল হয়ে পড়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো বেশ কিছু জনপ্রিয় অনলাইন সেবা। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশেই এই সেবাগুলো বন্ধ থাকার কথা জানিয়েছে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম। অবশ্য বাংলাদেশ সময় বেলা একটা ১০ মিনিট থেকে আবার স্বাভাবিকভাবে ফেসবুক ব্যবহার করা যাচ্ছে।
এবিসি নিউজের এক খবরে বলা হয়েছে,২৭ জানুয়ারি মঙ্গলবার ইউরোপের সময় রাত একটা (বাংলাদেশ সময় সকাল সাতটা) থেকে হঠাৎ ফেসবুক বিকল দেখতে শুরু করেন বিভিন্ন দেশের ব্যবহারকারীরা। বিশ্বজুড়ে ফেসবুক অচল হয়ে পড়ার এ খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে। #Facebookdown নামে ট্রেন্ডিং টপিক হিসেবেও এটি জনপ্রিয় হয়েছে।
ফেসবুক অচল হয়ে পড়ার পরপরই ফেসবুকের একজন মুখপাত্র বলেন, ফেসবুক হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি তাঁরা জেনে এই সমস্যা সমাধানের কাজ শুরু করেন। ফেসবুক দ্রুত স্বাভাবিক করতে কাজ করেছে তাঁদের টিম।

ফেসবুক, ইনস্টাগ্রাম ছাড়াও টিন্ডার, হিপচ্যাট, এআইএমের মতো সেবাগুলোও অচল হয়ে পড়ার খবর বিশ্বজুড়ে অনলাইন বিভিন্ন মাধ্যমে উঠে এসেছে। হঠাৎ এভাবে সব সেবা বন্ধ হয়ে যাওয়ার কারণ বা সমস্যা কত বড় তা এখনো জানা যায়নি।
আরও পড়ুন: ওয়েবের জায়গা ফুরিয়ে যাচ্ছে!