হঠাৎ এলেন স্টিভ জবস, হাতে আইপ্যাড-২
অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী স্টিভ জবস সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ করেই জনসমক্ষে হাজির হয়েছেন। গত বুধবার রাতে যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকোর ইয়ারবা বুয়েনা থিয়েটারে তিনি ঘোষণা দেন, আইপ্যাড-২ বাজারে ছাড়ার জন্য তিনি ফিরে এসেছেন। অসুস্থতার কারণে গত জানুয়ারি মাসে অনির্দিষ্টকালের জন্য ছুটি নিয়েছিলেন স্টিভ জবস। তাঁর এভাবে ফিরে আসায় অ্যাপলের কর্মীরা দারুণ খুশি। ১১ মার্চ যুক্তরাষ্ট্র এবং ২৫ মার্চ আরও ২৫টি দেশে আনুষ্ঠানিকভাবে আইপ্যাড-২ বাজারজাত করা হবে। তবে এখনই ভারতের বাজারে এটি আসছে।সাদা ও কালো—এই দুই রঙের আইপ্যাড-২-এর ১৬ গিগাবাইট মডেলের দাম ধরা হয়েছে ৪৯৯ ডলার। ১৬ গিগাবাইট মডেলের আইপ্যাডটি চলে এ-ফাইভ প্রসেসরে। বাজারে বর্তমানে প্রচলিত আইপ্যাডের চেয়ে এর গতি দ্বিগুণ এবং গ্রাফিক প্রদর্শন-সক্ষমতা নয় গুণ বেশি। এর ৬৪ গিগাবাইট মডেলের আইপ্যাডের দাম ধরা হয়েছে ৮২৯ ডলার। এটির সঙ্গে ওয়াইফাই ও থ্রিজি সুবিধা রয়েছে। স্টিভ জবস বলেছেন, আইপ্যাড-২-এর আরও পাঁচটি মডেল বের করা হবে।আইপ্যাড-২ বর্তমানে বাজারে প্রচলিত আইপ্যাডের চেয়ে অনেক পাতলা। এমনকি আইফোন-৪-এর চেয়েও এটি পাতলা। আইপ্যাড-২-এর সামনে ও পেছনে দুটি ভিডিও ক্যামেরা আছে এবং এসব ক্যামেরার মাধ্যমে ভিডিও চ্যাট করা যাবে। এতে রয়েছে ভিডিও সম্পাদনার সফটওয়্যার। এ ছাড়া আছে একটি এইচডিএমআই চেম্বার ও একটি সুদৃশ্য মাইক্রোফাইবার কেস। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান