হতভাগা জুয়াড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েন টস করলে হেড পড়ার সম্ভাবনা 1/2, এই কথা নিশ্চয়ই এটা বোঝায় না যে দুবার কয়েন টস করলে একবার হেড পড়বেই পড়বে। কিংবা ডাইসে ছক্কা পড়ার সম্ভাবনা 1/6 বলতে অবশ্যই এটা মেনে নেওয়া যায় না যে প্রতি ছয়বার ডাইস ছুড়লে একবার ছক্কা পড়তেই হবে। ছক্কা একবারও না পড়তে পারে, আবার পরপর ছয়বার ছক্কা পড়তে পারে (পরপর দুবার তিন ছক্কায় দান মাটি হওয়া ভাগ্যের ব্যাপার!)। যেকোনো কিছুই হতে পারে। তাহলে সম্ভাবনার হিসাব করে লাভ কী? এই সমস্যার সমাধান করতে সম্ভাবনার গণিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপপাদ্য প্রমাণ করা হয়েছে, Law of Large Numbers (সংক্ষেপে: LLN)। এ উপপাদ্যটি ভালো করে না বুঝলেও সূত্র বসিয়ে ঠাস ঠাস করে সম্ভাবনার গাণিতিক সমস্যাগুলো সমাধান করে ফেলা যেতে পারে কিন্তু সে ক্ষেত্রে তা অন্তর দিয়ে উপলব্ধি করা যাবে না এবং অনেকটা মুখস্থ করার মতোই ব্যাপার হবে। কয়েন টসের ক্ষেত্রে LLN হলো: অল্প কয়েকবার টস করলে হেড-টেইল সমান সমান ‘নাও পড়তে পারে’ কিন্তু অনেকবার টস করলে হেড ও টেইল ‘মোটামুটি সমানসংখ্যক বার’ পড়বে। নিচের টেবিলটা লক্ষ করুন:টস-সংখ্যা হেড-সংখ্যা টেইল-সংখ্যা10 5 5 100 52 48 1000 489 511 10000 5054 4946100000 50198 49802 Python 3.0 দিয়ে লেখা একটা প্রোগ্রাম ব্যবহার করে কয়েন টসের এই সিমুলেশনটা বানানো হয়েছে। টেবিলটা দেখে পাঠক হয়তো ভ্রু কুঁচকে ভাবছেন এটা কেমন হলো! এ তো LLN-এর সঙ্গে মিলছে না। ১০ টসে হেড-টেইল সমান-সমান হলো আবার হাজার-লাখে গিয়ে অমিলটা বাড়ল। আসলে, LLN আমাদের বলে যে কমসংখ্যক পরীক্ষণে পাওয়া ফলাফল, খাতা-কলমে হিসাব কষে বের করা ফলাফলের সঙ্গে যে মিলবে তার কোনো গ্যারান্টি নেই। একবার হয়তো মিলল, যেমন ওপরের উদাহরণে মিলেছে; কিন্তু সব সময়ই যে ভাগ্য এমন সুপ্রসন্ন হবে তার নিশ্চয়তা কেউ দিতে পারবে না। তবে অনেক অনেকবার পরীক্ষা করলে তার ফল একটা নির্দিষ্ট মানের কাছাকাছি অবশ্যই যাবে। সেই গ্যারান্টিটা আছে। এ ক্ষেত্রে সেই নির্দিষ্ট মানটি হলো 1/2। এটাই হলো হেড (কিংবা অনুরূপভাবে, টেইল) পড়ার সম্ভাবনা। এটাই হলো LLN-এর তাৎপর্য যে এটা আমাদের সম্ভাবনার গণিতের একটা ব্যবহারিক ভিত্তি দেয়। সম্ভাবনার গণিতের ফলাফলগুলো যদি একেবারেই অনিশ্চিত হতো, তাহলে এই গণিতের প্রয়োগ করা সম্ভব ছিল না। কিন্তু LLN-এর কারণে আমরা জোর দিয়ে বলতে পারি, সম্ভাবনার গণিতের ফলাফলগুলো অনেকবার করা পর্যবেক্ষণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এ কারণে একে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে।এখানে একটা কথা আমরা বারবার বলছি, ‘অনেকবার পর্যবেক্ষণ’। এখন প্রশ্ন হলো, এই অনেকবার মানে কত বার? এক শ বার? এক হাজার বার? ১০ হাজার-এক লাখ-কোটি বার? আসলে এই অনেক বার মানে ‘অসংখ্য বার’। একটা উদাহরণ দিচ্ছি। একজন জুয়াড়ি জুয়া খেলছে (জুয়াড়ি তো জুয়াই খেলবে, নাকি!)। প্রতিবার কয়েন টসে হেড পড়লে সে টাকা জিতবে আর টেইল পড়লে হারবে। প্রথম পাঁচটা টসে দেখা গেল সে প্রতিবার হারল, অর্থাৎ পরপর পাঁচবার টেইল পড়ল। কিন্তু জুয়াড়ি এতে দমবার পাত্র নয়। সে ভাবল, যেহেতু কয়েন টসে হেড পড়ার সম্ভাবনা , সেহেতু প্রতিবার টেইল পড়লে বরং খুশিই হওয়া উচিত; কেননা এ রকম একধারে টেইল পড়তে পড়তে ‘একসময়’ টেইলের কোটা ফুরিয়ে যাবে, তখন শুধু হেড আর হেড পড়তে থাকবে। দাঁত কামড়ে সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় রইল সে, কখন টেইলগুলো সব পড়ে শেষ হবে, কখন হেডের জোয়ার আসবে। দুঃখের বিষয় আমাদের জুয়াড়ির LLN জানা নেই। জানা থাকলে সে বুঝত যে এ রকম জোয়ার আসার কোনো গ্যারান্টি নেই। এমনও হতে পারে যে বিলিয়ন বছর ধরে কয়েন টস করতে থাকলেও শুধু টেইল আর টেইল পড়ছে, হেডের নামগন্ধ নেই। তাহলে প্রশ্ন হতে পারে, কয়েন টসে হেড পড়ার সম্ভাবনা ব্যাপারটার কী হবে? এক বিলিয়ন বছরে কোনো হেড আসেনি তাতে কী, পরের বিলিয়ন বছরে তো আসতে পারে, তাই না? না, বিষয়টা আসলে সে রকম নয়। LLN আমাদের বলে যে হেড ও টেইল সমানসংখ্যক বার পড়বে যদি কিনা ‘অনেক বার’ টস করা হয়। এই অনেকবার আসলে অসীমসংখ্যক বারের শামিল। সুতরাং ওই দুর্ভাগা জুয়াড়ি যদি ১০০ ভাগ গ্যারান্টি সহকারে ‘হেড পড়ার জোয়ার’ দেখতে চায়, তাহলে তাকে অসীমসংখ্যক বার টস করতে হবে। তবে কার্যক্ষেত্রে আমরা আপাতদৃষ্টিতে বড়সড় একটা সংখ্যা পেলেই সন্তুষ্ট থাকি। কিন্তু সব সময় মনে রাখতে হবে, সসীমসংখ্যক পর্যবেক্ষণের বেলায় সম্ভব্যতা ‘কোটা-পূরণ’ করবে, তার কোনো পূর্ণ নিশ্চয়তা নেই। পর্যবেক্ষণসংখ্যা যত বেশি হবে নিশ্চয়তা তত বাড়বে (এটাই LLN) কিন্তু কার্যক্ষেত্রে কখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে না। উল্লেখ্য, জুয়াড়ির এ উদাহরণটিকে বলে Gambler's fallacy বা ‘জুয়াড়ির বিভ্রম’। এই বিভ্রম ব্যবহার করে বানানো এ রকম কৌতুক হয়তো অনেকেই শুনে থাকবেন—ডাক্তার: এই অপারেশনে দশজনে নয়জন রোগীই মারা যায়; তবে আপনার ভয় পাওয়ার কিছু নেই। আপনি বেঁচে যাবেন।রোগী: আপনি কীভাবে নিশ্চিত হচ্ছেন ডাক্তার সাহেব?ডাক্তার: কারণ এখন পর্যন্ত আমি নয়জন রোগীর ওপর এই অপারেশনটা করেছি, নয়জনই মারা গেছে!