হতাশাচক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তাদের বাসা

মুক্তার মা: কিরে? পাস করেছিস?

মুক্তা (কাঁদতে কাঁদতে): না, মা...

মুক্তার মা: ছি ছি ছি। জনি পর্যন্ত পাস করল আর তুই করলি ফেল!

জনিদের বাসা

জনির মা: বাবা, রেজাল্ট পেয়েছিস?

জনি: আম্মা, আমি ‘বি’ পাইছি।

জনির মা: হায় রে! কাজল ‘এ’ পাইল আর তুই একই কলেজে পইড়া ‘বি’। কাজলের মায়ের কাছে আর মুখ থাকল না।

কাজলদের বাসা

কাজল: মা, আমি ‘এ’ পেয়েছি।

কাজলের মা: ওহ্‌! শুনলাম, রাব্বী ‘এ প্লাস’। আমি তো ভাবলাম তুইও পাবি। কী আর করা!

রাব্বীদের বাসা

রাব্বী: মা আ আ, আমি ‘এ প্লাস’ পেয়েছি!

রাব্বীর মা: গোল্ডেন এসেছে তো?

রাব্বী: না, মা। বাংলায় পাইনি।

রাব্বীর মা: এখনই বাড়ি থেকে বের হ। পপি গোল্ডেন পেল আর তুই পাস না! তোকে কী আমরা কম খাওয়াই?

পপিদের বাসা

পপি: মা আ আ, গোল্ডেন ‘এ প্লাস’! এবার কিন্তু এয়ারবুকটা কিনে দিতেই হবে।

পপির মা: ইশ্‌! শখ কত! আগে মেডিকেলে চান্স পা, তারপর। রাজ্যর তো বুয়েটে হয়ে যাবে শিওর। তুই যদি ডাক্তারিতে চান্স না পাস...

রাজ্যদের বাসা

রাজ্য: আম্মা, আমি বুয়েটে চান্স পেয়েছি।

রাজ্যর মা: পজিশন কত?

রাজ্য: ৩৫০তম।

রাজ্যর মা: তাহলে তো ইচ্ছেমতো কোনো সাবজেক্ট নিতে পারবি না। আমার তো ইচ্ছে ছিল তোকে ইলেকট্রিক্যালে দেব। সৌরভ কী সুন্দর পাস করল ওখান থেকে।

সৌরভদের বাসা

সৌরভ: মা, আমার চাকরি হয়েছে। সিটি ফোনে। বেতন ৫০ হাজার।

সৌরভের মা: খুব ভালো খবর, বাবা। তবে আমি বলি কী, কষ্ট করে বিসিএসটা দিয়েই ফেল। সরকারি চাকরিতে সুবিধা বেশি। দিবাকে দেখ না, কত ভালো আছে।

দিবাদের বাসা

দিবা: মা, আমার প্রমোশন হয়েছে।

দিবার মা: এত দিন বিয়ে হতো না মেয়ে ওভার কোয়ালিফায়েড বলে। এখন আবার প্রোমোশন! আহারে মা, তোকেও যদি তোর বান্ধবীদের মতো ভার্সিটিতে থাকতেই বিয়ে দিয়ে দিতাম! মুক্তা এইচএসসিতে ফেল করেও কী সুন্দর ইঞ্জিনিয়ার জামাই জুটিয়ে ফেলল...!

এভাবেই হতাশাচক্র চলতে থাকে জীবনভর...!