হবিগঞ্জে গ্রামীণফোনের সৌরশক্তি প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামে একটি কমিউনিটি সৌরশক্তি প্রকল্প চালু করেছে মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। স্থানীয় সাংসদ আবদুল মজিদ খান, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা টোরে ইয়ানসেন ও অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস্টিন ব্রো সম্প্রতি এ প্রকল্পের উদ্বোধন করেন। গ্রামীণফোনের প্রধান প্রযুক্তি কর্মকর্তা তানভীর মোহাম্মদ, চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহ্মুদ হোসেন, বিইআরসির সদস্য মো. এমদাদুল হক, বিটিআরসির উপপরিচালক মো. মেজবাহুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির। গ্রামীণফোনের প্রথম সৌরশক্তিচালিত বেস স্টেশনটি বসানো হয়েছিল কুশিয়ারা নদীর তীরের গ্রাম পাহাড়পুরে। এই গ্রামটি জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত নয়। এখন এই প্রকল্পের অধীনে গ্রামীণফোনের বেস স্টেশনের সৌর বিদ্যুতের উৎপাদনক্ষমতা বাড়িয়ে অতিরিক্ত বিদ্যুৎ স্থানীয় জনসাধরণের মধ্যে বিতরণের জন্য কেন্দ্রের চার পাশে আরও দুই কিলোমিটার পর্যন্ত সম্প্রসারিত ট্রান্সমিশন লাইন স্থাপন করা হয়েছে। ১৩৬টি বাড়ি এই মিনি গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়েছে এবং প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।স্থানীয় কমিউনিটি ইনফরমেশন সেন্টারটিও এই গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে এবং কম্পিউটার, স্ক্যানার ও প্রিন্টার চালানোর জন্য দিনে সৌর বিদ্যুতের সরবরাহ পাচ্ছে। মোবাইল ফোনে চার্জ দেওয়ার জন্য গ্রিডের সঙ্গে সংযুক্ত একটি চার্জিং বুথও রয়েছে এখানে। একটি মোবাইল বেস স্টেশনের অতিরিক্ত সৌরশক্তি ব্যবহার করে আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহের জন্য পরীক্ষামূলকভাবে এ প্রকল্পটি হাতে নিয়েছে গ্রামীণফোন ও অসলো বিশ্ববিদ্যালয়।