হবিগঞ্জে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সভা
দেশের শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর ও পৃথিবীর গতির সঙ্গে নিজেকে তৈরি করতে হবে। নতুন প্রজন্মকে সিদ্ধান্ত নিতে হবে চাকরির বদলে উদ্যোক্তা হওয়ার। গত শনিবার হবিগঞ্জে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচেতনতার ওপর আলোচনায় বক্তারা এসব কথা বলেন। আইসিটি বিজনেস প্রমোশন ও বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচেতনতাবিষয়ক এ সভার আয়োজন করা হয়। দিনব্যাপী এ সভায় জেলার বিভিন্ন স্কুল-কলেজের তিন শতাধিক শিক্ষার্থী ছাড়াও শিক্ষকেরা অংশ নেন। এর উদ্বোধন করেন হবিগঞ্জ সদর আসনের সাংসদ মো. আবু জাহির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল আহমেদ, হবিগঞ্জের জেলা প্রশাসক মণীন্দ্র কিশোর মজুমদারসহ অনেকে। ডিজিটাল শিক্ষা নিয়ে নানা বিষয় তুলে ধরেন বিসিএসের পরিচালক মোস্তাফা জব্বার। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ক্লাস পদ্ধতি চালু করতে হবে। বর্তমান প্রজন্মের মেধা ও আগ্রহ আছে উল্লেখ করে এখনই তাদের এ মেধা বিকাশের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষা ও আউটসোর্সিং বিষয়ের ওপর ধারণা দেওয়া হয়। এ সময় ফ্রিল্যান্স আউটসোর্সিং সফল উদ্যোক্তা আতিক আহমেদ নিজের সফলতার কথা তুলে ধরেন। —হবিগঞ্জ প্রতিনিধি