হবিগঞ্জের রিসোর্টে প্রযুক্তি সুবিধা দেবে জিপিআইটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দি প্যালেস রিসোর্ট অ্যান্ড স্পার যাবতীয় প্রযুক্তিগত সেবা দেবে গ্রামীণফোন আইটি (জিপিআইটি)। গত বুধবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি হয়েছে। এই সমঝোতা স্মারকে সই করেন জিপি আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা রায়হান শামসী ও দি প্যালেস রিসোর্ট অ্যান্ড স্পার ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ ইমরান আহমেদ, রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহমেদ আল কবির, কথাসাহিত্যিক আনিসুল হক, জিপিআইটির উপমহাব্যবস্থাপক মুনতাসীর রহমানসহ অনেকে। এ চুক্তির আওতায় হবিগঞ্জ জেলার বয়রায় ৪০০ একর জমির ওপর প্রতিষ্ঠিত পাঁচ তারকা মানের রিসোর্টে জিপি আইটি প্রযুক্তিগত সব সেবা প্রদানে সহযোগিতা করবে। রিসোর্টটির প্রযুক্তিগত অবকাঠামো নির্মাণে সহায়তা করবে জিপি আইটি। প্রতিষ্ঠানটি রিসোর্টের তারভিত্তিক (কেব্ল) নেটওয়ার্ক সিস্টেম, সক্রিয় নেটওয়ার্ক সংযোগ (এলএএন, ডব্লিউএলএএন), আইপি টেলিফোনি, ভিডিও সার্ভিলেন্স সিস্টেমসহ বেশ কিছু প্রযুক্তিগত ব্যবস্থা গড়ে দেবে। আরিফুর রহমান এ প্রসঙ্গে বলেন, ‘রিসোর্টটি দুর্গম এলাকায় হওয়ায় এখানে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতেই জিপি আইটির সঙ্গে চুক্তি করা হয়েছে। পাঁচ তারকা মানের পরিবেশবান্ধব এ রিসোর্টে আধুনিক ও উন্নত প্রযুক্তি ব্যবহারের সব ব্যবস্থা করা হবে।’—জিয়াউর রহমান চৌধুরী